Advertisement

সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় ৫০ হাজারই থাকছে

এশিয়া পোস্ট ডেস্ক
সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় ৫০ হাজারই থাকছে
ছবি : সংগৃহীত

সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের মাসিক খরচ ৫০ হাজার থেকে অর্ধেক কমিয়ে ২৫ হাজার টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনাগ্রহের কারণে শেষ পর্যন্ত তা বাতিল হয়ে আগের খরচই বহাল থাকছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় অর্থ বিভাগ নতুন একটি চিঠি দিয়ে ৯ জুলাই জারি করা নির্দেশনা আমলে না নেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ জানায়।

এর আগে, গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ কমানোর বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্যে এক সপ্তাহ ধরে চিঠি-চালাচালি হয়েছে। এ নিয়ে অনেক কর্মকর্তার মধ্যে অসন্তোষ দেখা দেয়।

গত ৯ জুলাই অর্থ মন্ত্রণালয় থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল, সেই বিষয়ে কোনো কার্যক্রম গ্রহন না করার জন্য আজ বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে অর্থ বিভাগ।

নতুন চিঠিতে বলা হয়েছে, ‘২০২৬-২৭ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন বাজেটের কতিপয় ব্যয় স্থগিত বা হ্রাসকরণ’ বিষয়ে গত ৯ জুলাই জারি করা পত্রের আলোকে কোনো কার্যক্রম গ্রহণ না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর ফলে গাড়ি রক্ষণাবেক্ষণ বাবদ মাসিক ব্যয় ৫০ হাজার থেকে ২৫ হাজার টাকায় নামিয়ে আনার প্রস্তাব আপাতত কার্যকর হচ্ছে না।

তবে এ প্রস্তাব নিয়ে বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী বিভাগ, নির্বাচন কমিশন, জুডিশিয়াল সার্ভিসসহ অংশীজনের সঙ্গে আন্তমন্ত্রণালয়ের বৈঠক হওয়ার কথা ছিল। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠক হওয়ার কথা থাকলেও সেটি অনুষ্ঠিত হয়নি।

প্রাধিকারভুক্ত সরকারি কর্মকর্তারা গাড়ি কিনতে ৩০ লাখ টাকা করে সুদমুক্ত ঋণ পেয়ে আসছিলেন। ৯ জুলাই তা বন্ধ করে দেয় সরকার। সুদমুক্ত ঋণের টাকায় কেনা গাড়ির রক্ষণাবেক্ষণ বাবদ তাদের মাসিক ৫০ হাজার টাকা দেয় সরকার। এটা ২৫ হাজার টাকায় নামিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে ১৩ জুলাই চিঠি দেয় অর্থ বিভাগ।

তবে গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় কীভাবে কমানো যায়, তা বাস্তবায়নের দায়িত্ব জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওপরই ছেড়ে দেয় অর্থ বিভাগ।