logo

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়নি: ডা. জাহেদ

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়নি: ডা. জাহেদ
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের যাওয়ার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

এ সময় ডা. জাহেদ উর রহমান বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী কোনো গণমাধ্যম যেন শেখ হাসিনার বক্তব্য প্রকাশ বা প্রচার না করে। আদালতের আদেশ অমান্য করা হলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তিনি বলেন, আগেও এ বিষয়ে সরকার গণমাধ্যমের জন্য সতর্কতামূলক নির্দেশনা দিয়েছিল। যদি কেউ আগাম প্রচার করে যে শেখ হাসিনা বক্তব্য দেবেন এবং সেটি প্রকাশ বা সম্প্রচার করে, তবে সেটি আদালতের আদেশ অমান্য করার শামিল হবে। আদালতের নির্দেশনা মানা প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়িত্ব। সরকারের কাজ হলো আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিত করা।

সাংবাদিকদের আরেক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সরকার কোনো ধরনের ভূরাজনৈতিক (জিও পলিটিক্যাল) চাপ বা সংকটে নেই।

তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশ সফর করা মার্কিন কূটনীতিকের ভারত সফর কিংবা ভারতীয় হাইকমিশনের সঙ্গে বৈঠককে কেন্দ্র করে নানা ব্যাখ্যা দেওয়া হচ্ছে। তবে এটি একটি স্বাভাবিক কূটনৈতিক প্রক্রিয়া। ওই কূটনীতিক ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত এবং অতিরিক্ত দায়িত্ব হিসেবে বাংলাদেশ সফর করেছেন। তাই বিষয়টিকে ভিন্নভাবে দেখার কোনো কারণ নেই।