logo

বাংলাদেশ পুলিশের জ্বালানি ও ভ্রমণ ব্যয়ে শতভাগ অর্থ ব্যবহারের অনুমোদন

বাংলাদেশ পুলিশের জ্বালানি ও ভ্রমণ ব্যয়ে শতভাগ অর্থ ব্যবহারের অনুমোদন
police

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পুলিশের চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে ‘পেট্রোল, অয়েল ও লুব্রিকেন্ট’, ‘বিদ্যুৎ’, ‘গ্যাস ও জ্বালানি’ এবং ‘ভ্রমণ ব্যয়’ তথা টিএ বিল ৭০ শতাংশের পরিবর্তে ১০০ শতাংশ অর্থাৎ বরাদ্দকৃত অর্থ শতভাগ ব্যয়ের অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

মঙ্গলবার (১২ মে) অর্থ বিভাগের বাজেট শাখা-৬ থেকে জারি করা এক সরকারি পত্রে এ অনুমোদনের তথ্য জানানো হয়।

পত্রে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগের ৫ এপ্রিল ২০২৬ তারিখের ৫৯৬ নম্বর পরিপত্রের ৪ নম্বর শর্ত শিথিল করে বাংলাদেশ পুলিশের জন্য উল্লিখিত খাতগুলোতে বরাদ্দকৃত অর্থ ১০০ শতাংশ ব্যবহারের বিষয়ে নির্দেশক্রমে সম্মতি প্রদান করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, এ সম্মতিকে ভবিষ্যতে কোনো দৃষ্টান্ত হিসেবে ব্যবহার করা যাবে না।

অর্থ বিভাগের উপসচিব নাহিদ সুলতানা স্বাক্ষরিত পত্রটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দপ্তরে পাঠানো হয়েছে। অনুলিপি দেওয়া হয়েছে অর্থ বিভাগের বাজেট-১ অধিশাখা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ ও অর্থ কর্মকর্তাকে।