logo

বিসিসি প্রধানের বিরুদ্ধে ঘুষের লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি ক্যাবের

বিসিসি প্রধানের বিরুদ্ধে ঘুষের লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি ক্যাবের

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের (বিসিসি) চেয়ারম্যান এ এইচ এম আহসানের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ তুলেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের কাছে লিখিত আবেদন জমা দিয়ে এ অভিযোগ উত্থাপন করেন ক্যাবের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ।

লিখিত আবেদনে তিনি দাবি করেন, প্রতিযোগিতা কমিশন দেশের ব্যবসা-বাণিজ্যে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। কমিশন সিন্ডিকেট নিয়ন্ত্রণ, দরপত্র জালিয়াতি প্রতিরোধ এবং বাজারে স্বচ্ছতা আনার মূল লক্ষ্য থেকে সরে গেছে। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ২০১৬ সালে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির হাতে গড়া প্রতিষ্ঠান। এখানে সহকারী পরিচালক হতে পিওন পর্যন্ত সবাই আওয়ামী লীগ। প্রতিযোগিতা আইনের মূল্য উদ্দেশ্য অর্থাৎ সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং দরপত্র জালিয়াতি বন্ধ করা। কিন্তু নিজেদের স্বার্থ উদ্ধারে কাজ করে ২০১৬ সাল হতে এখানে আওয়ামী লীগের বাইরে কোনো সচিব বা অতিরিক্ত সচিব নিয়োগ দেওয়া হয়নি।
 
আবেদনে আরও উল্লেখ করা হয়, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও কমিশন কার্যকর ব্যবস্থা নেয়নি। গণপূর্তের প্রকৌশলী জহুরুল ইসলামের বিরুদ্ধে ৭৮ লাখ টাকার বিল জালিয়াতির অভিযোগ অর্থের বিনিময় আমলে নেওয়া হয়নি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১০৮ কোটি টাকার দরপত্র জালিয়াতি প্রমাণ হলেও ঘুষ বিনিময়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এক হাজার মটরসাইকেল সরাসরি নগদ পদ্ধতিতে ক্রয় করার জালিয়াতি প্রমাণ হলেও কোনো শাস্তি দেওয়া হয়নি। এসব অনিয়মের মূল কারিগর প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক নাজমুল বলেও অভিযোগ করেন তিনি।

আবুল কালাম আজাদের অভিযোগ, প্রতিযোগিতা আইন, ২০১২ বাংলাদেশ এবং প্রতিযোগিতা আইন ভারত, ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকার প্রতিযোগিতা কমিশন হতে কোনো বাদি মামলা প্রত্যাহার করতে পারে না। নিয়ম হলো বাদি প্রত্যাহার করলে কমিশন স্বপ্রণোদিত মামলা পরিচালনা করবে, এটি সারা পৃথিবীর প্রতিযোগিতা কমিশনের নিয়ম। কিন্তু ওপরের অভিযোগগুলো প্রমাণিত হলেও প্রায় আট কোটি টাকা ঘুষ নিয়ে অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। অবিলম্বে এই কমিশন ভেঙে দিয়ে সৎ ও যোগ্য কর্মকর্তা নিয়োগেরও দাবি জানান ক্যাবের এই নেতা।