১০ থেকে ১২ মার্চের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে সংবাদমাধ্যমকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা জানান। এর আগে দুপুরে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়।
শনিবার প্রথমবারের মতো তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে প্রধানমন্ত্রী হিসেবে এটি তার তৃতীয় কর্মদিবস। এর আগে দুই দিন বাংলাদেশ সচিবালয়ে তিনি অফিস করেন। মন্ত্রীদের সঙ্গে বৈঠকে নির্বাচনী প্রতিশ্রুতির অনেক বিষয় নিয়ে আলোচনা করেন এবং সিদ্ধান্ত নেন মন্ত্রিসভা।
সালাহউদ্দিন আহমদ বলেন, এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে। এই অধিবেশনে অন্তবর্তীকালীন সরকারের সময়ের অধ্যাদেশসমূহ উপস্থাপন করা হবে এবং শোক প্রস্তাব উপস্থাপন করা হবে।