কাল থেকে শিল্প কারখানায় জ্বালানি সংকট কাটতে শুরু করবে: মাহ্দী আমিন

শিল্প কারখানায় আগামীকাল মঙ্গলবার থেকে জ্বালানি সংকট কাটতে শুরু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মাঝে মতবিনিময়কালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এসব কথা বলেন।
জ্বালানি নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানিয়ে তিনি বলেন, ২০২৮ সালের আগে নতুন একটি ভাসমান এলএনজি টার্মিনাল চালু নিয়ে কাজ শুরু হয়েছে। আগের দুটিসহ মোট পাঁচটি টার্মিনাল চালুর পরিকল্পনা রয়েছে সরকারের।
এর আগে, সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়িক নেতৃবৃন্দের এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক প্রসঙ্গে মাহ্দী আমিন বলেন, ‘বৈঠকে ২১টি ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বিদ্যুৎ, গ্যাস ও খনিজ সম্পদ নিয়ে আলোচনা হয়েছে।’
বিদ্যুতের ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সোলার এনার্জিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এফএসআরইউ ছাড়াও ল্যান্ডবেজ টার্মিনালের পরিকল্পনা নিচ্ছে সরকার।’
মাহ্দী আমিন আরও বলেন, ‘ফ্যাসিবাদী সময়ে তৈরি হওয়া পুঞ্জিভূত সমস্যা একদিনে সমাধান সম্ভব নয়; প্রতিটি সমস্যাই নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।’


