logo

আটকা পড়া বাংলাদেশি জাহাজ দ্রুত হরমুজ প্রণালী পাড়ি দিতে পারবে: ইরানি রাষ্ট্রদূত

আটকা পড়া বাংলাদেশি জাহাজ দ্রুত হরমুজ প্রণালী পাড়ি দিতে পারবে: ইরানি রাষ্ট্রদূত

হরমুজ প্রণালিতে আটকে পড়া বাংলাদেশি জাহাজ দ্রুতই পার হতে পারবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। তিনি বলেছেন, ‘যুদ্ধের কারণে অনেক জাহাজ হরমুজ প্রণালিতে আটকে আছে। এর মধ্যে বাংলাদেশের জাহাজও রয়েছে। আমরা বাংলাদেশের জাহাজগুলো দ্রুত ছেড়ে দেওয়ার ব্যবস্থা করব, ইনশাআল্লাহ।’

রোববার (১২ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

একই দিন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাতেও হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলে সহায়তা করার আশ্বাসের কথা জানান ইরানের রাষ্ট্রদূত।

সাক্ষাতে প্রতিমন্ত্রী ইরানের রাষ্ট্রদূতকে অনুরোধ করেন, যেন হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচল সহজ করার বিষয়টি বিবেচনা করা হয়। রাষ্ট্রদূত তাকে এ বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

মার্কিন ইসরায়েলি হামলায় নিহত ইরানের শিশুদের স্মরণ ও যুদ্ধাপরাধ বিরোধী ছবি প্রদর্শনীর অনুষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করে বিপ্লবী ছাত্র পরিষদ। ইরানের রাষ্ট্রদূত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

অনুষ্ঠানে জলিল রহিমি জাহানাবাদি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। বাংলাদেশকে আমরা ভাইয়ের দেশ মনে করি। বাংলাদেশের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই।’

ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনার প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, ‘আমরা এর আগেও আলোচনা করেছিলাম, তার মধ্যেও আমেরিকা আমাদের ওপর হামলা করেছে। তারা মূলত বিশ্বের কাছে দেখাতে চেয়েছে যে তারা শান্তি চায় আর ইরান যুদ্ধ চায়। আসলে আমেরিকা কখনও শান্তি চায় না। তারা ইরানের ওপর এজন্য অন্যায়ভাবে হামলা করেছে। আমেরিকার ভাষ্য হলো বিশ্বের সব দেশ পারমাণবিক শক্তিধর দেশ হতে পারবে, কিন্তু ইরান পারবে না।’

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরানের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মির মোহাম্মদি, জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক নেত্রী মরিয়ম জামিলা তামান্না।