logo

তেলের দাম ঠিক রাখতে মাসে ২০০ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার: চিফ হুইপ

তেলের দাম ঠিক রাখতে মাসে ২০০ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার: চিফ হুইপ

মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হলেও দেশের বাজার স্থিতিশীল রাখতে সরকারকে প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

শনিবার (২৮ মার্চ) সরকারি দলের সংসদীয় সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

চিফ হুইপ বলেন, জ্বালানি তেলের দাম যাতে না বাড়ে সে বিষয়ে সংসদ সদস্যদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জনগণের ভোগান্তি এড়াতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে।

তিনি জানান, দেশে বর্তমানে তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। ইতোমধ্যে ২ লাখ টন তেলবাহী একটি জাহাজ দেশে পৌঁছেছে এবং আরও ২ লাখ টন তেল নিয়ে আরেকটি জাহাজ আসছে।

তবে কিছু গণমাধ্যম, অতিরিক্ত উৎসাহী মহল এবং চোরাচালানকারীদের কারণে বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

চোরাচালান রোধে কড়া অবস্থানের ইঙ্গিত দিয়ে নূরুল ইসলাম বলেন, প্রতিবেশী দেশের তুলনায় দেশে তেলের দাম কম থাকায় পাচার বাড়ছে। এ অবস্থায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি আরও জানান, রোববার (২৯ মার্চ) সংসদে জ্বালানি প্রতিমন্ত্রী এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন এবং প্রয়োজনীয় কঠোর বার্তা দেওয়া হবে।