Advertisement

রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে দোকান-শপিংমল

এশিয়া পোস্ট ডেস্ক
রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে দোকান-শপিংমল
রাজধানীর একটি শপিংমল। ছবি: সংগৃহীত

চলমান বিদ্যুৎ সংকট বিবেচনায় দোকানপাট, শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশনা দিয়েছে সরকার। আগামীকাল থেকে সারা দেশে দোকানপাট-শপিংমল বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

Advertisement

একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে আলোকসজ্জা, বাণিজ্যিক মেলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্পন্ন করারও নির্দেশনা দেওয়া হয়েছে। তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকান এই নির্দেশনার আওতার বাইরে থাকবে।

বুধবার (১২ আগস্ট) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত জানানো হয়।

সারা দেশে এখন গড়ে তিন হাজার মেগাওয়াটেরও বেশি লোডশেডিং চলছে। এমন পরিস্থিতিতে এই নির্দেশনা দেওয়া হলো। এত দিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট খোলার নিয়ম ছিল। এখন সেটা বেলা ১১টা থেকে রাত ৮টায় নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়, গত ১১ জুনের সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে সরকারি সিদ্ধান্ত ছিল। তবে বুধবার থেকে বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানসমূহ বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা, সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করা এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার বিষয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সময়সীমা দেশের বিভিন্ন প্রান্তে চলমান এবং অনুষ্ঠিতব্য মেলা/বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকান ইত্যাদি এর আওতাবহির্ভূত থাকবে।