অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকর করলে মুদ্রাস্ফীতি কমবে: শাহাদাত হোসেন

এশিয়া পোস্ট প্রতিবেদক
অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকর করলে মুদ্রাস্ফীতি কমবে: শাহাদাত হোসেন
সংসদ সদস্য শাহাদাত হোসেন। ছবি : সংগৃহীত

বিয়ে অনুষ্ঠানে অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকর করলে দেশে মুদ্রাস্ফীতির পরিমাণ কমে আসবে বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন।

Advertisement

সোমবার (২২ জুন) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই আহ্বান জানান।

সংসদে দেওয়া বক্তব্যে শাহাদাত হোসেন বলেন, ‘আমাদের এই বাংলাদেশে বিয়ে অনুষ্ঠানের নামে বিত্ত-বৈভবের যে অশ্লীল প্রদর্শনী, এটাকে বন্ধ করতে হবে। সাত দিন, আট দিন, দশ দিন, এক মাস আগে থেকে কোরিওগ্রাফার দিয়ে নৃত্য করে এই গায়েহলুদ অনুষ্ঠানে।’

এ সময় এই ধরনের আয়োজন ধর্মের সঙ্গে সাংঘর্ষিক বলেও উল্লেখ করেন তিনি এবং বিয়েতে অতিরিক্ত অপচয় ও খরচ বন্ধ করার জোর দাবি জানিয়ে অতিথি নিয়ন্ত্রণ আইন পুনর্বহাল ও কার্যকর করার তাগিদ দেন এই সংসদ সদস্য।

শাহাদাত হোসেন বলেন, ‘এটাকে বন্ধ করতে হবে। অতীতে যে অতিথি নিয়ন্ত্রণ আইন ছিল, এই আইনটাকে কার্যকর করতে হবে। যদি অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকর করা যায় এবং আমরা যদি ধর্মীয় অনুশাসন মেনে চলি, তাহলে মুদ্রাস্ফীতির পরিমাণ কমে আসবে। এক দিনে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অন্তত ১০ পারসেন্ট কমে আসবে।’

বক্তব্যের শেষ অংশে দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত মিতব্যয়ী এবং তিনি কোনো ধরনের অপচয় পছন্দ করেন না বলেও সংসদকে স্মরণ করিয়ে দেন শাহাদাত হোসেন।