বিরোধী দলের কাউকে সভাপতি না করে সংসদে আরও ৪টি স্থায়ী কমিটি গঠন

বিরোধী দলের কাউকে সভাপতি না করে আরও ৫ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া পানিসম্পদ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদ অধিবেশনে এসব কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়। জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটির নাম প্রস্তাব করেন। পরে কণ্ঠভোটে তা পাস হয়।
নবগঠিত কমিটিগুলো হলো, সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি, রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি।
এর মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য (এমপি) মো. শাহজাহানকে। বিএনপির এই এমপি বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত ও প্রস্তাব-সম্পর্কিত কমিটিরও সভাপতি। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে গাজীপুর-৫ আসন থেকে নির্বাচিত বিএনপির এমপি এ কে এম ফজলুল হক মিলনকে।
রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে খুলনা-৫ আসন থেকে নির্বাচিত বিএনপির এমপি মোহাম্মদ আলী আসগার লবিকে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলকে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে গাজীপুর-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির এমপি এস এম রফিকুল ইসলামকে।
এর আগে সোমবার (০৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ৪টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়। সোমবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।
কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন, ১. স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে (ভোলা-৩) সভাপতি করে ত্রয়োদশ জাতীয় সংসদ কার্যপ্রণালি বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি, ২. এ এম মাহবুব উদ্দিনকে (নোয়াখালী-১) সভাপতি করে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটি, ৩. মোহাম্মদ রেজাউল করিম বাদশাকে (বগুড়া-৬) সভাপতি করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং ৪. স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে (ভোলা-৩) সভাপতি করে জাতীয় সংসদের পিটিশন কমিটি গঠন করা হয়।
এর আগে রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত ও একটি কমিটি পুনর্গঠন করা হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।
স্থায়ী কমিটিগুলো হলো, মুন্সি রফিকুল আলমকে (ফেনী-১) সভাপতি করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, একেএম সেলিম রেজাকে (পাবনা-২) সভাপতি করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, মো. শামসুর রহমান শিমুল বিশ্বাসকে (পাবনা-৫) সভাপতি করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, মো. বরকত উল্লাহ বুলুকে (নোয়াখালী-৩) সভাপতি করে সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, মো. আবদুস সালাম পিন্টুকে (টাঙ্গাইল-২) সভাপতি করে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, মাহমুদা হাবীবাকে (মহিলা আসন-১৩) সভাপতি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, আবদুল ওয়াদুদ ভূঁইঞাকে (খাগড়াছড়ি) সভাপতি করে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, খায়রুল কবির খোকনকে (নরসিংদী-১) সভাপতি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, মো. আবুল খায়ের ভূঁইয়া কে (লক্ষ্মীপুর-২) সভাপতি করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং জয়নুল আবদিন ফারুককে (নোয়াখালী-২) সভাপতি করে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়।

