মালয়েশিয়ায় কারাবন্দি বাংলাদেশিদের মুক্তির উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী

এশিয়া পোস্ট নিউজ
মালয়েশিয়ায় কারাবন্দি বাংলাদেশিদের মুক্তির উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী
মালয়েশিয়ায় কুয়ালালামপুরের হোটেল সাংগ্রিলায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার বিভিন্ন কারাগারে আটকে থাকা বাংলাদেশি নাগরিকদের মুক্তির বিষয়ে দেশটির সরকারের সঙ্গে বিশেষ উদ্যোগ ও আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে বিদেশগামী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে আধুনিক প্রশিক্ষণ ও ভাষা শিক্ষার ওপর বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেছেন।

Advertisement

রোববার (২১ জুন) প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো মালয়েশিয়া সফরে গিয়ে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও ছিলেন।

শ্রমিকদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যেসব শ্রমিক বিদেশে আসবেন, তাদের ভাষা শেখানোর পাশাপাশি ট্রেনিংও দেবে সরকার। এজন্য দেশের টেকনিক্যাল ইনস্টিটিউশন আপডেট করা হবে। আগামী ১০ বছরে কোথায় কোথায় কাজ নিয়ে বাংলাদেশিরা যেতে পারেন, তা নিয়ে কাজ করছে সরকার।

মালয়েশিয়া অবস্থানকারী বাংলাদেশিদের প্রশংসা করে তিনি বলেন, ২০১৪ সালে এসেছিলাম। আজ এসে দেখলাম, এ দেশের রাস্তা বাংলাদেশের চেয়েও পরিষ্কার। এই রাস্তা পরিষ্কার রাখতে বাংলাদেশিরাও সহযোগিতা করছে। তাহলে আমরা দেশকে কেন পরিষ্কার রাখতে পারবো না?

মালয়েশিয়া প্রবাসীদের কাজ করার সুযোগ বাড়াতে কাজ করবেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার গঠনের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছিলেন। তাই এখানে আসা। সফরে এসে এখানে যারা কাজ করছেন, আবার অনেকেই যারা দেশ থেকে অন্যদের আনতে চান সে সব বিষয় নিয়ে কথা বলবো।

মালয়েশিয়ায় কারাবন্দি দুই হাজারের বেশি বাংলাদেশিকে কীভাবে মুক্ত করা যায়, সে বিষয়ে দেশটির সরকারের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী প্রবাসীরা যে দেশে অবস্থান করেন সেই দেশের আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, যে দেশে আছেন, ওই দেশের আইনে চলতে হবে। আগামীকাল তাদের (মালয়েশিয়া) বোঝানোর চেষ্টা করবো। আইনের ভেতর থেকে যতটুকু সুবিধা বের করতে পারি, সেটি করবো। এ সময় সবাইকে দেশের জন্য কী করা যায়, তা নিয়ে ভাবতে ও কাজ করতে আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বাংলাদেশে বিনিয়োগের জন্য মালয়েশিয়ার আইটি ব্যবসায়ীদের আমন্ত্রণ জানানো হবে বলেও তিনি জানান।