পুলিশের ২০ কর্মকর্তাকে একযোগে বদলি

নৌপুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ টেলিকমের ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) মো. রেজাউল করিম। একইসঙ্গে রংপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে হাইওয়ে পুলিশের মোহাম্মদ আবদুল মাবুদকে।
বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে মোট ২০ জন কর্মকর্তাকে বদলি করা হয়। এর মধ্যে রয়েছেন ছয়জন ডিআইজি, দুইজন অতিরিক্ত ডিআইজি ও ১০ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা। প্রজ্ঞাপন দুটিতে সই করেন উপসচিব তৌসিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি মো. রেজাউল করিমকে নৌপুলিশের প্রধান করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের ডিআইজি খোন্দকার নজমুল হাসানকে টাঙ্গাইল পিটিসির কমান্ড্যান্ট এবং সেখানে কর্মরত মো. আশফাকুল আলমকে পুলিশ সদর দপ্তরে ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলীকে সিআইডিতে এবং হাইওয়ে পুলিশের মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অতিরিক্ত ডিআইজি পর্যায়ে, এসবির ফয়সল মাহমুদকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্ত করা হয়েছে। রাঙামাটির বেতবুনিয়ার পিএসটিএসের কমান্ড্যান্ট এ এফ এম আনজুমান কামালকে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
এছাড়া, এআইজি মাহফুজা আক্তারকে রাজারবাগ পুলিশ টেলিকম ইউনিটে, পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুনকে পিবিআইতে, মোহাম্মদ মোর্শেদ আলমকে রংপুর আরপিএমপির উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। ওএসডি পুলিশ সুপার মাকসুদা আকতার খানমকেও পিবিআইতে পদায়ন করা হয়েছে।
অন্য প্রজ্ঞাপনে, ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে হাইওয়ে পুলিশে, কাজী জিয়া উদ্দিনকে পুলিশ স্টাফ কলেজে এবং আবু রায়হান মুহাম্মদ সালেহকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।
এছাড়া, একাধিক পুলিশ সুপারকে সিলেট এসএমপির উপপুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন মোহাম্মদ রহমত উল্লাহ, এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, আকতার হোসেন ও শাহরিয়ার আল মামুন।
অন্যদিকে ড. এলিজা শারমিনকে এপিবিএনে ও মোহাম্মদ শাহজাহান মিয়াকে এসবিতে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।