logo

অনেক স্থানে নির্ধারিত ভাড়ার চেয়ে কম নেওয়া হচ্ছে: সড়কমন্ত্রী

অনেক স্থানে নির্ধারিত ভাড়ার চেয়ে কম নেওয়া হচ্ছে: সড়কমন্ত্রী

এবারের ঈদযাত্রায় অনেক স্থানে নির্ধারিত ভাড়ার চেয়ে কম নেওয়া হচ্ছে বলে দাবি করেছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।  সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। 

সড়কমন্ত্রী বলেন, গত সাত দিনে নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার কোনো নজির পাওয়া যায়নি। বরং কোথাও কোথাও নির্ধারিত ভাড়ার চেয়ে কম নেওয়া হয়েছে। অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই। বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পেলেই ব্যবস্থা।

 

তিনি বলেন, ফিটনেসবিহীন গাড়ি চলাচল করতে দেওয়া হবে না। মনিটরিং টিম গ্যারেজে গিয়েও বিষয়টি তদারকি করছে এবং হাইওয়ে পুলিশসহ সংশ্লিষ্ট সব সংস্থা সক্রিয় রয়েছে। নির্দিষ্ট কোনো গাড়ির বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

শেখ রবিউল আলমন বলেন, মাত্র দুই থেকে আড়াই দিনের মধ্যে প্রায় দেড় কোটি মানুষ ঢাকা ছাড়বে, যা বড় ধরনের চাপ তৈরি করে। তারপরও সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করে নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করার চেষ্টা করছে।

তিনি বলেন, পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে। কোনো সংকট নেই। গত রাত থেকেই সব পাম্পে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে। তাই কোনো প্রকার দাম বাড়ানো হবে না।