logo

যেকোনো নৈরাজ্য ও ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত দক্ষিণ বিএনপি: আবদুস সালাম

যেকোনো নৈরাজ্য ও ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত দক্ষিণ বিএনপি: আবদুস সালাম
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মো. আবদুস সালাম। ছবি: এশিয়া পোস্ট

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও অপতৎপরতা প্রতিরোধে দিন-রাত ২৪ ঘণ্টা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (১৮ নভেম্বর) রাত থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থানের পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকায় সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন সংগঠনটির শীর্ষ নেতারা। একই সঙ্গে তারা মাঠপর্যায়ের নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন।

Advertisement

গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ‘দীর্ঘদিন পর দেশের মানুষ গণতন্ত্রের পথে চলার সুযোগ পেয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। এ দেশের জনগণ আর ফ্যাসিবাদ মেনে নেবে না। সরকারের অগ্রযাত্রা ব্যাহত করতে এবং আধিপত্যবাদী শক্তির কর্তৃত্ব প্রতিষ্ঠায় যারা ষড়যন্ত্র করছে, তাদের যেকোনো নৈরাজ্য ও ষড়যন্ত্র রুখে দিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি প্রস্তুত রয়েছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার প্রচার প্রসঙ্গে আবদুস সালাম বলেন, ‘শেখ হাসিনা দেশে আসতে চাইলে আমাদের কোনো আপত্তি নেই। তবে তাকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দেশে ফিরে আত্মসমর্পণ করতে হবে। আমরা তো চাই, তিনি আসুন। কালকেই সীমান্ত দিয়ে দেশে এসে আত্মসমর্পণ করুন; আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আদালতে হাজির করবে।’

এ সময় সংগঠনটির সদস্যসচিব তানভীর আহমেদ রবি বলেন, ‘গত প্রায় ১৭ বছর আওয়ামী লীগের নির্যাতনের সবচেয়ে বেশি শিকার হয়েছে বিএনপি। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে স্থিতিশীল করতে এবং ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও সরকারি প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনে কাজ করছেন।’

তিনি আরও বলেন, ‘এই পরিস্থিতিতে আওয়ামী লীগ ও তাদের অনুসারীরা দেশে আবারও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তাদের ঘোষিত কর্মসূচি ও যেকোনো নৈরাজ্য রুখে দিতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দিন-রাত মাঠে রয়েছেন এবং ভবিষ্যতেও প্রস্তুত থাকবেন।’

পরে আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের নেতৃত্বে মোটরসাইকেলে করে রাজধানীর মৌচাক, মগবাজার, বাংলামোটর, ধানমন্ডি, ধানমন্ডি ৩২, জিগাতলা, লালবাগ ও বংশালসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন নেতারা। এ সময় সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল এবং যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলামসহ সংগঠনটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে তারা বিভিন্ন এলাকা ও ওয়ার্ডে অবস্থানরত নেতাকর্মীদের খোঁজখবর নেন এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সজাগ থাকার নির্দেশ দেন।