logo

২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে: তারেক রহমান

২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে: তারেক রহমান

চলতি বছরই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বুধবার (১ এপ্রিল) সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে বিএনপির বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের তথ্য দেওয়ার সময় এ কথা বলেন তিনি। 

কারিগরি শিক্ষার উন্নয়নের বিষয়ে তারেক রহমান বলেন, কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়নে আগামী ১৮০ দিনের মধ্যে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ হাজার শিক্ষককে ট্যাব প্রদান করা হবে। ৩ হাজার ৮৩২টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে। একইসঙ্গে ১৭২ শিক্ষার্থীকে ইতালিয়ান ও জাপানিজ ভাষা শিক্ষা দেওয়া হবে। 

ইশতেহারে দেওয়া একের পর এক প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত কার্যক্রমগুলো বাস্তবায়নের জন্য সব মন্ত্রণালয় ও বিভাগ আগামী ১৮০ দিন, আগামী অর্থবছর এবং আগামী পাঁচ বছরের কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য এরই মধ্যে বিভিন্ন প্রকার উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে নির্বাচনি ইশতেহারে ঘোষিত কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে উল্লেখযোগ্যভাবে অগ্রগতিও হয়েছে। 

তিনি বলেন, প্রান্তিক ও নিম্নআয়ের পরিববারগুলোকে—যেখানে দেশের অধিকাংশ পরিবারগুলোই প্রান্তিক বা নিম্ন আয়ের পরিবারের সদস্য—এ পরিবারগুলোকে প্রাথমিক পর্যায়ে ১৩টি জেলায় ৩৭ হাজার ৮১৪টি নারীপ্রধান ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম শুরু হয়েছে। 

কৃষকের সার্বিক সুরক্ষা প্রদানের জন্য সরকার কৃষক কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, প্রাথমিক পর্যায়ে কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের মাধ্যমে দেশের আটটি বিভাগের ১০টি জেলার ১১টি উপজেলায় ১১টি ব্লকে পাইলট টিম কাজ শুরু হয়েছে। নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে সরকার শস্য, ফসল, পশুপালন ও মৎস্য খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। 

 

তিনি বলেন, সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের প্রাথমিক পর্যায়ে ঈদুল ফিতরের আগে—যা আমরা দেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ঈদুল ফিতরের আগে ৩ হাজার ৯৯৫ জন ইমাম, ২ হাজার ৯৭৫ জন মুয়াজ্জিন, ২ হাজার ৬০৪ জন খাদেম এবং হিন্দু মন্দিরের ১১৪ জন পুরোহিত, ৮৩ জন সেবায়েত, বৌদ্ধবিহার ও প্যাগোডার ১৫ জন অধ্যক্ষকে এবং ১৬ জন উপাধ্যক্ষ—সর্বমোট ৯ হাজার ১০২ জনের ব্যাংক অ্যাকাউন্টে সম্মানি পৌঁছে দেওয়া হয়েছে। 

খাল খনন কর্মসূচির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, পুনঃখনন করা হবে ইনশাআল্লাহ, যা এর মধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে।