আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী

সরকার আগামী মাসের মধ্যে কৃষক কার্ডও দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ মার্চ) সকালে রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তিসংলগ্ন) ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন আনুষ্ঠানে এ কথা জানান প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে, তার বিন্দুমাত্র পরিবর্তন হবে না। আগামী মাসের মধ্যে কৃষক কার্ডও দেবে সরকার। মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে প্রতিশ্রুতি বাস্তবায়নে কিছুটা দেরি হতে পারে। তাই সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
কৃষকদের দেওয়া বিএনপির প্রতিশ্রুতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গত সপ্তাহে আমরা সরকারের পক্ষ থেকে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করে দিয়েছি। একইভাবে আগামী মাসের ভেতরে আমরা কৃষকদের কাছেও কৃষক কার্ড তুলে দেব।
এর আগে প্রধানমন্ত্রী নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন ও দ্রব্যমূল্যের চাপ থেকে স্বস্তি দিতে বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। ফ্যামিলি কার্ড উদ্বোধনের সঙ্গে সঙ্গে তালিকায় থাকা ৩৭ হাজার ৫৬৭ জন নারীর ব্যাংক হিসাব বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে নির্ধারিত টাকা জমা হয়েছে।