logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

ব্যাটারিচালিত রিকশার ৯৫ শতাংশ চালকের লাইসেন্স নেই: ব্র্যাকের গবেষণা

ব্যাটারিচালিত রিকশার ৯৫ শতাংশ চালকের লাইসেন্স নেই: ব্র্যাকের গবেষণা
রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ব্যাটারিচালিত রিকশা: জীবন-জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক টেকসই রূপান্তর’ শীর্ষক এক নীতি আলোচনা অনুষ্ঠান। ছবি : এশিয়া পোস্ট

ব্যাটারিচালিত রিকশার ৯৫ দশমিক ৬ শতাংশ চালকের কোনো লাইসেন্স বা অনুমতিপত্র নেই। এ ছাড়া জরিপের আগের এক মাসে ২৬ দশমিক ৭ শতাংশ চালক অন্তত একবার সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। এমন তথ্য উঠে এসেছে ব্র্যাক ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) এক যৌথ গবেষণায়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ব্যাটারিচালিত রিকশা: জীবন-জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক টেকসই রূপান্তর’ শীর্ষক এক নীতি আলোচনা অনুষ্ঠানে গবেষণার ফলাফল তুলে ধরা হয়। অনুষ্ঠানে গবেষণার আলোকে তৈরি একটি পলিসি ব্রিফও উপস্থাপন করা হয়।

Advertisement

গবেষণায় বলা হয়, বাংলাদেশের নগর পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি একদিকে কর্মসংস্থান সৃষ্টি ও স্বল্প খরচে মানুষের যাতায়াতের সুযোগ তৈরি করছে, অন্যদিকে সড়ক নিরাপত্তা, অনিয়ন্ত্রিত বিদ্যুৎ ব্যবহার এবং পরিবেশগত ঝুঁকি বাড়াচ্ছে। তাই এ খাত নিয়ন্ত্রণের পাশাপাশি চালক, মালিক, গ্যারেজ পরিচালনাকারী ও যাত্রীদের বাস্তবতা এবং জীবন-জীবিকার বিষয়টিও বিবেচনায় নিতে হবে।

গবেষণায় আরও দেখা গেছে, ৭৮ দশমিক ২ শতাংশ চালক ভাড়ায় রিকশা চালান। তাদের আয়ের গড়ে ৩৮ দশমিক ৬ শতাংশ রিকশার ভাড়া পরিশোধে ব্যয় হয়। আয় বন্ধ হয়ে গেলে ৬২ দশমিক ৯ শতাংশ চালক এক সপ্তাহও পরিবারের খরচ চালাতে পারবেন না। অর্থাৎ, এই খাতের সঙ্গে যুক্ত অধিকাংশ চালকই আর্থিকভাবে বেশ ঝুঁকির মধ্যে রয়েছেন।

অনুষ্ঠানে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, অনানুষ্ঠানিক খাতে কাজ করা মানুষের কথা নীতিনির্ধারণী পর্যায়ে খুব একটা পৌঁছায় না। ব্যাটারিচালিত রিকশার নিরাপত্তা ও নিয়ন্ত্রণের সমস্যা সমাধান করতে হবে চালকদের বাস্তবতা বিবেচনায় নিয়ে।

তিনি বলেন, ব্যাটারিচালিত রিকশা বন্ধ করে দিলেই সমস্যার সমাধান হবে না। এতে লাখো পরিবারের জীবিকা ঝুঁকিতে পড়বে। তাই সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে তিন থেকে চার বছরের একটি রূপান্তর পরিকল্পনা তৈরি করতে হবে, যাতে ধাপে ধাপে এ খাতের উন্নয়ন করা যায় এবং চালকদের জীবিকার ক্ষতি কম হয়।

আসিফ সালেহ্ আরও বলেন, গবেষণায় দেখা গেছে, ঢাকার ব্যাটারিচালিত রিকশাচালকদের ৭৮ শতাংশই অন্য জেলা থেকে এসেছেন। তাদের ৮৪ শতাংশ গ্রামে কাজের সুযোগ না থাকায় ঢাকায় এসেছেন। গ্রামে কর্মসংস্থান ও ফসলের ন্যায্য দাম নিশ্চিত করা না গেলে মানুষ জীবিকার সন্ধানে শহরে আসবেই। তাই শুধু রিকশা বন্ধ করে এ সমস্যার সমাধান সম্ভব নয়।

তিনি বলেন, রিকশাচালক ও ফুটপাতের হকারসহ অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের কাছ থেকে প্রতিদিন বিভিন্নভাবে টাকা আদায় করা হয়। কিন্তু এসব টাকা সরকারি কোষাগারে জমা হয় না। আইনি স্বীকৃতি না থাকায় তাদের জরিমানা, চাঁদা ও নানা ধরনের হয়রানির শিকার হতে হয়। অথচ তারা কোনো প্রাতিষ্ঠানিক সুরক্ষা পান না।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম বলেন, যানজট, বায়ুদূষণ, জলাবদ্ধতা ও বর্জ্য ব্যবস্থাপনাসহ নগরের সমস্যাগুলো একে অপরের সঙ্গে সম্পর্কিত। একটি সমস্যা বাদ দিয়ে অন্যটি সমাধান করা সম্ভব নয়। নগরবাসীর নির্বিঘ্নে চলাচলের অধিকার যেমন রয়েছে, তেমনি রিকশাচালকদেরও বেঁচে থাকা ও কাজ করার অধিকার রয়েছে।

তিনি বলেন, সবাই যদি ঢাকামুখী হতে থাকেন তাহলে নগরের নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। তাই সব পক্ষকে সঙ্গে নিয়ে ঢাকা শহরের সামগ্রিক সক্ষমতা বিবেচনায় একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, তারা অটোরিকশা বা রিকশাচালকদের বিপক্ষে নন। তাদের জীবন-জীবিকার অধিকারও রক্ষা করতে হবে। তবে নিয়মের মধ্যে আনা গেলে জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি তাদের সহযোগিতা করা সহজ হবে। অবৈধ অবস্থা থেকে বৈধতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিআইজিডির নির্বাহী পরিচালক ইমরান মতিন বলেন, রিকশাচালকেরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ জীবিকার মধ্যে রয়েছেন। যে কোনো দুর্ঘটনা বা হয়রানির কারণে তারা আবার দারিদ্র্যের মধ্যে পড়ে যেতে পারেন। তাই সড়ক ব্যবহারকারী ও রিকশাচালক উভয়ের অধিকার বিবেচনায় নিয়ে ন্যায্য ও সহজ রূপান্তর নিশ্চিত করতে হবে।

গবেষণায় বলা হয়েছে, ব্যাটারিচালিত রিকশার ব্যবস্থাপনায় গ্যারেজগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রিকশা ভাড়া দেওয়া, চার্জিং, ব্যাটারি পরিবর্তন, মেরামত এবং ঋণসহায়তার ক্ষেত্রে চালকেরা এসব গ্যারেজের ওপর নির্ভরশীল। তবে অনিয়ন্ত্রিত বিদ্যুৎ ব্যবহার এবং প্রচলিত লেড-অ্যাসিড ব্যাটারির অনানুষ্ঠানিক উৎপাদন ও পুনর্ব্যবহার পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে।

এসব সমস্যা সমাধানে গবেষণায় কয়েকটি সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে রিকশার ন্যূনতম নিরাপত্তামান নিশ্চিত করা, চলাচলের নির্ধারিত এলাকা ও সড়ক ব্যবহারের নিয়ম তৈরি, চালকদের সামর্থ্য অনুযায়ী লাইসেন্স ও বীমার ব্যবস্থা করা এবং ব্যাটারির মান উন্নত করা। পাশাপাশি পরিবেশবান্ধব চার্জিং ব্যবস্থা চালু, ব্যবহৃত ব্যাটারি নিরাপদে সংগ্রহ ও পুনর্ব্যবহারের ব্যবস্থা এবং বিদ্যমান গ্যারেজগুলোকে নতুন ব্যবস্থাপনার আওতায় আনার সুপারিশ করা হয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক সামছুল হক, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আকতার মাহমুদসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

ঢাকার ৩০০ জন এবং বরিশালের ১৫০ জনসহ মোট ৪৫০ জন সক্রিয় ব্যাটারিচালিত রিকশাচালকের ওপর এ গবেষণা পরিচালিত হয়। ২০২৬ সালের ১১ জুন থেকে ৩০ জুলাই পর্যন্ত জরিপের তথ্য সংগ্রহ করা হয়।