দেশে ফিরেই রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে কথা বললেন স্পিকার

দেশে ফিরেই রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে কথা বলেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার বলেন, ‘রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে আমার কিছু জানা নেই। তবে তিনি যদি পদত্যাগ করতে চান, সংবিধান অনুযায়ী স্পিকারের কাছেই পদত্যাগপত্র জমা দিতে হবে এবং পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নিয়োগের বিধান রয়েছে।’
কেন ২৬ জুলাইয়ের আগেই দেশে ফিরলেন এ প্রশ্নের জবাবে স্পিকার জানান, ২৩ জুলাই মেডিকেল চেকআপ শেষ হওয়ায় এবং ব্যক্তিগত কাজ থাকায় নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরেছেন।
এর আগে, গত ১৯ জুলাই চিকিৎসার জন্য ব্যাংকক যান স্পিকার এবং চিকিৎসা শেষে ২৬ জুলাই দেশে ফেরার কথা ছিল তার।
এদিকে বঙ্গভবন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির পদত্যাগের যাবতীয় আইনি ও দাপ্তরিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। স্পিকারের সময় পাওয়া গেলেই আনুষ্ঠানিকভাবে তার কাছে পদত্যাগপত্র জমা দেওয়া হতে পারে।
সাংবিধানিক (অনুচ্ছেদ ৫০-৩) আইন অনুসারে রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে স্পিকারের উদ্দেশে স্বহস্তে লিখিত ও স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পেশ করবেন এবং (অনুচ্ছেদ ৫৪) রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব না নেওয়া পর্যন্ত স্পিকারই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন। আইন অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিতে হবে।
.png)





