logo

আরও ১ কোটি টাকা পাচ্ছে হাদির পরিবার

আরও ১ কোটি টাকা পাচ্ছে হাদির পরিবার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট কিনতে এক কোটি টাকা ‘বিশেষ অনুদান’ দেওয়ার পাশাপাশি জীবন চালানোর ব্যয় নির্বাহের জন্য আরও এক কোটি টাকা দেওয়া হচ্ছে।

বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এ তথ্য জানান।

অর্থ উপদেষ্টা বলেন, হাদির পরিবারের (জন্য) দুইটি ব্যাপার হয়েছে। একটা হাদির পরিবারকে ১ কোটি টাকা মিনিস্ট্রি অব ফাইন্যান্স থেকে দেব, সেটা হলো তার ফ্ল্যাট বা বাড়ির জন্য। আরও এক কোটি টাকা আলাদাভাবে দেওয়া হচ্ছে প্রধান উপদেষ্টার ফান্ড থেকে। সেটা তার পরিবারের জীবন ও জীবিকা নির্বাহের জন্য।

এদিকে হাদির মৃত্যুর খবর আসার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছিলেন, হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব রাষ্ট্র নেবে। এরপর মঙ্গলবার (২০ জানুয়ারি) হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট দিতে এক কোটি টাকা বরাদ্দের অনুমোদন দেয় অর্থ মন্ত্রণালয়। রাজধানীর লালমাটিয়ার সরকারি দোয়েল টাওয়ারে ১২১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনা ও সুসজ্জিত করার জন্য এ বরাদ্দ দেওয়া হচ্ছে। 

জানা গেছে, শরিফ ওসমান বিন হাদির পরিবারকে ফ্ল্যাট কেনার জন্য অনুদান দেওয়ার বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে আবেদন করে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ, স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্তে অনুদান অনুমোদন করেছে।

জুলাই অভ্যুত্থানের মাধ্যমে পরিচিতি পাওয়া ওসমান হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গেলে তাকে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকায় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।