logo

সারের ডিলার নিয়োগে দলীয়করণ ও লেনদেনের অভিযোগ বিরোধীদের

সারের ডিলার নিয়োগে দলীয়করণ ও লেনদেনের অভিযোগ বিরোধীদের
ছবি: এশিয়া পোস্ট

সারা দেশে সারের ডিলার নিয়োগে ব্যপক দলীয়করণ, স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোট। সংসদের ভেতরে ও বাইরে এমন অভিযোগ তোলেন বিরোধীদলীয় জোটের নেতারা।

বিরোধীরা বলছেন, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত কৃষি। সঠিক সময়ে কৃষকের হাতে সার তুলে দিতে না পারলে খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে। সরকার এমন একটি স্পর্শকাতর বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন প্রকৃত ব্যবসায়ীদের পরিবর্তে দলীয় নেতাকর্মীদের বেছে নিয়েছে।

Advertisement

সংসদের প্রশ্নোত্তর পর্বে গত ১১ নভেম্বর এ নিয়ে কথা বলেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে সারের ডিলারদের ৩১ জনের ২৮ জন বিএনপির। তাদের ১০ জন আবার নেতাদের স্ত্রী, সন্তান বা ভাগনি। সংরক্ষিত আসনের কিছু সংসদ সদস্য অর্থের বিনিময়ে সুপারিশপত্র দিয়েছেন। তবে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেছেন, উপজেলা ও জেলায় কমিটি করে যাচাই-বাছাই হয়েছে।

সংসদের বাইরে গত ২২ অক্টোবর যশোর প্রেস ক্লাবে জামায়াতের সংসদ সদস্যরা অভিযোগ করেন, জেলার ইউনিয়ন ও পৌরসভাগুলোতে দলীয়করণ ও লেনদেনের মাধ্যমে ডিলার নিয়োগ হয়েছে। সংবাদ সম্মেলনে ছিলেন জেলা জামায়াতের আমির গোলাম রসূল।

শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে গত মাসে ঢাকায় তিন নেতার মাজার প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন শেষে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। এ সময় তিনি উত্তরাঞ্চলের সার সংকট এবং ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ তোলেন।

সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে পঞ্চগড়ের দুই টাকার লাউ ঢাকায় ৬০ টাকায় বিক্রি হলেও কৃষকেরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন বলে উল্লেখ করেন আখতার হোসেন। তিনি সার সরবরাহ নিশ্চিত করা, সিন্ডিকেট বন্ধ, হিমাগার নির্মাণ, কৃষিঋণ সহজীকরণ ও প্রণোদনা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানান।

এর আগে ১০ অক্টোবর জাতীয় কৃষক শক্তির এক বিবৃতিতে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া সব সার ডিলারশিপ বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন নিয়োগের দাবি জানানো হয়।

ক্ষমতাসীন দল বিএনপি থেকেও এই ডিলারশিপের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। ময়মনসিংহ-৮ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু ফেসবুকে লিখেছেন, ‘কে কোথা থেকে কত পার্সেন্ট টাকা নেয়, তা আমি জানি।’

বর্তমান সরকারের আমলে সার ডিলার নিয়োগে কোনো অনিয়ম থাকলে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। গত ১৪ অক্টোবর কুষ্টিয়ার কুমারখালীতে প্রস্তাবিত শহীদ আবরার ফাহাদ সেতুর স্থান পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, ডিলারদের বড় অংশ বিগত স্বৈরাচারী সরকারের আমলে নিয়োগ পাওয়া। তাদের অসহযোগিতার কারণে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। বিএনপির এমপি থাকা জেলাগুলোতে সারের কোনো সমস্যা না থাকলেও ১১ দলীয় জোটের এমপিদের জেলাগুলোতে সরকারকে বিভ্রান্ত করতে কৃত্রিম সংকট তৈরি করা হয়ে থাকতে পারে।