logo

চট্টগ্রাম ও রংপুরে কালবৈশাখীর আঘাত, বিএনপির জরুরি বার্তা 

চট্টগ্রাম ও রংপুরে কালবৈশাখীর আঘাত, বিএনপির জরুরি বার্তা 

দেশের চট্টগ্রাম ও রংপুর বিভাগের ওপর দিয়ে পৃথক দুটি কালবৈশাখী আঘাত এনেছে। এটি দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (১৮ মার্চ) রাতে ফেসবুক পোস্টের মাধ্যমে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এই তথ্য নিশ্চিত করেছেন। 

পোস্টে তিনি উল্লেখ করেছেন, রাত ২টা ১৫ মিনিটের পর দক্ষিণাঞ্চলের কালবৈশাখী ঝড় চট্টগ্রাম বিভাগের কুমিল্লা ও ফেনী জেলার উপর দিয়ে প্রবেশ করে চট্টগ্রাম জেলায় অগ্রসর হতে শুরু করেছে। রাত ২টা ১৫ মিনিট থেকে সকাল ৬টার মধ্যে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের ওপর দিয়ে ঝড় অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও লিখেন, উত্তরাঞ্চলে রংপুর বিভাগের পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট জেলার ওপর দিয়ে আরেকটি কালবৈশাখী ঝড় প্রবেশ করেছে। এটি দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এর আগে রাতে দেওয়া আরেক পোস্টে মোস্তফা কামাল পলাশ লিখেন, ‘আজ রাতে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে যে সকল নৌযান ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছে সেই সকল জাহাজ কালবৈশাখী ঝড়ের কবলে পড়তে যাচ্ছে। সম্ভব হলে জাহাজগুলোকে ভোর ৪টা পর্যন্ত তীরের কাছে নোঙর করে রাখার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। আল্লাহ ভরসা। কোন জাহাজ কালবৈশাখির কবলে পড়ে দুর্ঘটনা না ঘটলেই হয়। ঈদের সময়। সব গুলো জাহাজ ভর্তি মানুষ। মানুষ যে ছাদ থেকে নিচে আশ্রয় নিবে সেই জায়গাও পাবে না ঝড়ের সময়।’

এদিকে কালবৈশাখী নিয়ে জরুরি সতর্কবার্তা দিয়েছে বিএনপিও। রাতে বিএনপির ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়েছে, ‘আবহাওয়াবিদদের তথ্যমতে, আজ রাতে দেশের দক্ষিণাঞ্চলের নৌযানগুলো কালবৈশাখী ঝড়ের সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে সকল নৌযানকে ভোর ৫টা পর্যন্ত সতর্কতা অবলম্বন করে চলাচল করতে বলা হয়েছে। জরুরি প্রয়োজনে তীরের কাছাকাছি নোঙর করে অবস্থান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে যাত্রা বিলম্বিত করুন, নিরাপত্তাই সর্বাগ্রে।’

এর আগে, বুধবার (১৮ মার্চ) রাতের মধ্যেই ঢাকাসহ দেশের ১০ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। ওই বার্তায় বলা হয়, বুধবার দুপুর আড়াইটা থেকে রাত ১টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, যশোর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।