নবীন পাঞ্জাবির শোরুম ইস্যুতে হাতিরঝিল থানার ওসি প্রত্যাহার

রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারে একটি দোকানে পাঞ্জাবি বিক্রিকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার তদন্তে কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) প্রত্যাহার করা হয়েছে।
ডিএমপি সূত্র জানায়, গত শুক্রবার (২০ মার্চ) মার্কেটটির একটি দোকানে পাঞ্জাবি বিক্রির বিশেষ অফারকে কেন্দ্র করে শোরুম কর্তৃপক্ষ ও মার্কেট কমিটির মধ্যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।
এ ঘটনায় কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজাকে ডিএমপি হেডকোয়ার্টার্সে এবং এক এএসআইকে রাজারবাগ পুলিশ লাইন্সে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম জানান, গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে, রাজধানীর মগবাজারে ‘নবীন ফ্যাশন’-এর শোরুম জোরপূর্বক বন্ধ করে দেওয়ার ঘটনায় পুলিশের নীরব ভূমিকার কারণে হাতিরঝিল থানার ওসিকে শোকজ করা হয়েছে। একইসঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে দোকানটি খুলে দিতে নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৫ মার্চ) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বতঃপ্রণোদিত হয়ে এই নির্দেশনা দেন।
আদেশে বলা হয়, একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে প্রকাশিত এক খবরে দেখা যায়, মগবাজারের বিশাল সেন্টার মার্কেটের ‘নবীন’ ব্র্যান্ডের একটি পাঞ্জাবির দোকানে একদল লোক পুলিশসহ উপস্থিত হয়ে দোকান বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়। ঘটনাস্থলে কিছু ব্যক্তিকে উচ্ছৃঙ্খল আচরণ করতে দেখা গেলেও পাশে থাকা পুলিশ সদস্যদের নির্লিপ্ত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
পুলিশের এমন নির্লিপ্ততা জনমনে ভীতি সৃষ্টি করতে পারে। কেন এ ধরনের আচরণ আইনবহির্ভূত ও পেশাদারিত্ববিরোধী হিসেবে ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে হাতিরঝিল থানার ওসিকে আগামী তিন দিনের মধ্যে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া ‘নবীন’ ব্র্যান্ডের পাঞ্জাবির দোকানটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত থেকে খুলে দেওয়ার জন্যও ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিস্তারিত নাম-পরিচয় আদালতে জমা দিতে বলেছেন আদালত।