logo
Advertisement

গণপরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারণ হবে: তথ্য উপদেষ্টা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
গণপরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারণ হবে: তথ্য উপদেষ্টা

সম্প্রতি গণপরিবহনে ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন মালিকরা। এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, ভাড়া যৌক্তিকভাবে নির্ধারণ করা হবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে এই সংবাদ সম্মেলনেন আয়োজন করা হয়। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

যানবাহনের ভাড়া নিয়ে একটা সংকট তৈরি হচ্ছে জানিয়ে ডা. জাহেদ বলেন, জ্বালানির দাম বেড়েছে। এর সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবহন ভাড়া বাড়ানোর আলোচনা চলছে। এটা যৌক্তিকভাবে হবে। 

তিনি বলেন, জটিলতা নিরসনে প্রয়োজনে এসি বাসের ভাড়া দুই বা তিন স্তরে নির্ধারণ করা হবে। আসন্ন ঈদে সেটা কার্যকর করা হবে। ঢাকার বাস টার্মিনালগুলোর মানোন্নয়নে (বিশেষ করে শৌচাগার ব্যবস্থাপনা) সিটি করপোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে। সেটার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ভাড়া শুধু বাস না, জীবনযাত্রার ব্যয়ের ওপর বেশি প্রভাব পড়বে ট্রাকভাড়ায়। সরকারের কাজ শুধু ভোক্তার স্বার্থরক্ষা নয়। একটা সরকার কিন্তু ব্যবসায়ীদেরও সরকার। যে মানুষটা বাস চালান, যে মানুষটা ট্রাক চালান; তিনিও এই রাষ্ট্রের নাগরিক। এই সরকার কিন্তু তারও। সুতরাং এমন কিছু করা ঠিক হবে না–যাতে তার ব্যবসা না হতে পারে।

ডা. জাহেদ উর রহমান আরও বলেন, সরকার কিন্তু পক্ষ নয়, সরকার সবার। সরকার চেষ্টা করবে এমন একটা পয়েন্টে আসা যেখানে সবার কম ক্ষতি হয়। আগে একদিন বলেছিলাম—এ সংকটে আমাদের প্রত্যেকের ক্ষতি হবে, এটা মেনে নিতে হবে। এটা সারা পৃথিবীতেই হচ্ছে।

তিনি বলেন, তেলের দাম, ভাড়া বাড়ছে; ওই অজুহাতে দ্রব্যমূল্য যতটুকুর কথা তারচেয়ে অনেক বেশি বাড়ছে। আমরা চেষ্টা করব এটা নিয়ন্ত্রণে রাখার জন্য। আবারও বলছি কিছুটা কষ্ট করতে হবে, প্রত্যেক মানুষ কষ্ট করছে। আমাদের অলরেডি ফ্যামিলি কার্ডের একটা স্টেপ হয়েছে। এই বাজেটে আমরা ৪০ লাখ মানুষকে নতুন ফ্যামিলি কার্ড দেব। এজন্য প্রায় ১৩ থেকে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে।

জাহেদ উর রহমান বলেন, এই বরাদ্দ রাখার জন্য আইএমএফের (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) সঙ্গে আমাদের নেগোসিয়েশনে কিছু ইস্যু তৈরি হয়েছে। কিন্তু সরকার জনগণের পাশে থাকার জন্য এই সিদ্ধান্তে অটল থাকবে। শুধু সেটা নয়, প্রয়োজনে টিসিবির মাধ্যমে আরও অনেক বেশি মানুষকে খাদ্যসহ অন্য সহায়তা দেওয়া হবে।

ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় আটটি রাত্রীকালীন মার্কেট চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এটা একটা কঠিন সিদ্ধান্ত—আমরা যখন ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করি, ফুটপাত আসলে হকারদের জন্য নয়, ব্যবসায়ীদের জন্য নয়, এটা হাঁটার জন্য; নামই ফুটপাত। কিন্তু এই সংকট যেহেতু আছে, তাদের কীভাবে আমরা প্রোভাইড করতে পারি সেই চেষ্টা চলছে। 

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আরও বলেন, ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপের পাইলটিং কার্যক্রমের বিস্তৃতি ঘটানোর জন্য ঢাকা ছাড়া আরও অনেক জেলায় এটা করা হয়েছে। রেজিস্ট্রেশন হলেও সব জায়গা থেকে এখন পর্যন্ত সরাসরি জ্বালানি নেওয়া যাবে না। রেজিস্ট্রেশন হয়ে থাকলে ঢাকার যেসব উন্মুক্ত পাম্প আছে সেগুলোতে গ্রহণ করতে পারবে। এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয়েছে এক লাখ ৭০ হাজারের বেশি।