বাংলাদেশের উদীয়মান উদ্যোক্তাদের বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ভারত

বাংলাদেশের উদীয়মান উদ্যোক্তাদের উদ্ভাবনী ভাবনাকে বাস্তবে রূপ দিতে বিনামূল্যে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে ভারত। মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকায় ভারতীয় হাই কমিশনের ফেইসবুকে এ তথ্য জানানো হয়।
পোস্টে আরও উল্লেখ করা হয়, ‘আইবিএসএন’ (IBSN) নামক এই নতুন প্রকল্পের আওতায় বাংলাদেশি তরুণ উদ্যোক্তাদের ভারতের স্টার্টআপ ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত করা হবে। ভারতের অন্যতম শীর্ষস্থানীয় গবেষণা ও উদ্ভাবনকেন্দ্র ‘IIT Madras-এ, IITM Pravartak Technologies Foundation’ এর সার্বিক সহযোগিতায় পাঁচ সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ ও উদ্ভাবন কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এই কর্মসূচির মাধ্যমে মনোনীত উদ্যোক্তারা বিশেষজ্ঞদের কাছ থেকে প্রশিক্ষণ, পরামর্শ, দিকনির্দেশনা, ইন্টার্নশিপ এবং গুরুত্বপূর্ণ নেটওয়ার্কিংয়ের সুযোগ লাভ করবেন। প্রতিযোগিতামূলক ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য উদ্ভাবকদের এই প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হবে।
আগ্রহী উদ্যোক্তাদের আগামী ১ থেকে ১৫ নভেম্বরের মধ্যে (https://forms.gle/s2WDFC1w5ZejegV37) আবেদন করতে হবে।
এর আগে গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ভূমিকাসহ বেশ কিছু বিষয়ে বাংলাদেশের সংবাদকর্মীদের সক্ষমতা বাড়াতে একটি কোর্স আয়োজন করে ভারত সরকার।