logo

জাতীয় জাদুঘরে রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৬ উদ্‌যাপন

জাতীয় জাদুঘরে রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৬ উদ্‌যাপন
ছবি: সংগৃহীত

জাতীয় জাদুঘরের এক অনন্য সাংস্কৃতিক আবহে মিলিত হয়েছিল বাংলা সাহিত্যের দুই উজ্জ্বল নক্ষত্রের চেতনা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতার বাণী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দ্রোহ, সাম্য ও অসাম্প্রদায়িকতা একত্র হয়েছিল একই মঞ্চে।

‘ইতিহাস ও ঐতিহ্য পরিষদ’ আয়োজিত ‘রবীন্দ্র–নজরুল জয়ন্তী ২০২৬’ অনুষ্ঠানে ‘নৃত্যগীতি ও প্রবন্ধ পাঠের’ মাধ্যমে দুই কবির জীবন ও কর্মকে স্মরণ করা হয়।

বৃহস্পতিবার (১৪ মে) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এতে় অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পাওয়ান বঢ়ে।

শিক্ষাবিদ অধ্যাপক নিরঞ্জন অধিকারীর সভাপতিত্বে প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা। ইতিহাস ও ঐতিহ্য পরিষদের সাধারণ সম্পাদক ও ইতিহাস গবেষক আশরাফুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবং সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন পাহাড়ি বীরপ্রতীক ধন্যবাদ জ্ঞাপন করেন।

ভারতের ডেপুটি হাইকমিশনার পাওয়ান বঢ়ে বলেন, এই দুই অসামান্য কবি ভারত ও বাংলাদেশ উভয় দেশের মানুষের হৃদয়ে সমানভাবে ও গভীরভাবে বেঁচে রয়েছেন। ডেপুটি হাইকমিশনার তাৎপর্যপূর্ণভাবে উল্লেখ করেন, রবীন্দ্রনাথ ও নজরুলের প্রতি প্রদর্শিত নিরন্তর ভালোবাসা ও শ্রদ্ধা আমাদের অভিন্ন সাংস্কৃতিক পরম্পরার অন্যতম শক্তিশালী প্রতীক হিসেবে বিদ্যমান রয়েছে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের সহযোগিতায় পরিবেশিত সাংস্কৃতিক পর্ব। প্রখ্যাত নৃত্যশিল্পী শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদের পরিচালনায় ‘নৃত্যাঞ্চল’-এর শিল্পীরা রবীন্দ্র ও নজরুলের ১৪টি জনপ্রিয় গানের সঙ্গে মনোমুগ্ধকর দলীয় নৃত্য পরিবেশন করেন। শিল্পীদের এই নান্দনিক পরিবেশনা মিলনায়তন ভর্তি দর্শকদের বিমোহিত করে।

সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার ১৩টি বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর আঁকা রবীন্দ্র-নজরুলের প্রতিকৃতি প্রদর্শিত হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী খুদে চিত্রশিল্পীদের হাতে স্বীকৃতি সনদ তুলে দেন বিশিষ্ট শিল্পী মো. মনিরুজ্জামানসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।

সাংস্কৃতিক বিদ্যাপীঠ তপোবন, নৃত্যাঞ্চল ও বহুমাত্রিক ডটকমের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল ঐতিহ্য প্রেমীদের জন্য এক স্মরণীয় আয়োজন।