অর্থ পাচারের অভিযোগে অনলাইন জুয়ার আরও এক এজেন্ট গ্রেপ্তার

অনলাইন জুয়ার মাধ্যমে সংগৃহীত অর্থ বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে পাচারের অভিযোগে স্নিগ্ধ সিকদার (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির দাবি, গ্রেপ্তার ব্যক্তি একাধিক অনলাইন জুয়া সাইটের পরিচালনাকারী ও এজেন্ট হিসেবে কাজ করতেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, গত ৩০ সেপ্টেম্বর ভোর ৫টার দিকে যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। স্নিগ্ধ সিকদারের বাড়ি নড়াইল সদর উপজেলার বালিয়াট গ্রামে।
সিআইডি জানায়, নিয়মিত সাইবার মনিটরিংয়ের মাধ্যমে দেশের ভেতর ও বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন অনলাইন বেটিং ও জুয়া সাইটের কার্যক্রমের তথ্য পাওয়া যায়। এসব সাইটে আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলা এবং অনলাইন ক্যাসিনোকে কেন্দ্র করে অর্থ লেনদেন করা হতো।
তদন্তে সিআইডি জানতে পারে, দেশের বিভিন্ন এলাকায় অনলাইন বেটিংয়ের জন্য এজেন্ট নিয়োগ করা হয়। এসব এজেন্টের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হতো। পরে এজেন্টদের কমিশন দেওয়ার পর অবশিষ্ট অর্থ বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশে পাচার করা হতো।
সিআইডি আরও জানায়, এ মামলায় এর আগে সুমন রায় (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তিনি সহযোগী হিসেবে স্নিগ্ধ সিকদারের নাম উল্লেখ করেন। তদন্তে স্নিগ্ধের সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর গত ৩০ সেপ্টেম্বর স্নিগ্ধ সিকদারকে আদালতে পাঠানো হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানিয়েছে সিআইডি।
সিআইডির তথ্যমতে, একই চক্রের বিরুদ্ধে এর আগে টাঙ্গাইল, নরসিংদী, নারায়ণগঞ্জ, নড়াইল ও রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিআইডি জানিয়েছে, অনলাইন জুয়ার মাধ্যমে অবৈধ অর্থ লেনদেন, অর্থপাচার এবং এর সঙ্গে জড়িত দেশি-বিদেশি চক্রের বিরুদ্ধে অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে। একই সঙ্গে অনলাইন জুয়া ও বেটিংয়ে অর্থ লেনদেন থেকে বিরত থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
