logo

তথ্য সচিবকে জড়িয়ে ছড়ানো খবরটি মিথ্যা: ডিএফপি মহাপরিচালক

তথ্য সচিবকে জড়িয়ে ছড়ানো খবরটি মিথ্যা: ডিএফপি মহাপরিচালক

​তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানাকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফটোকার্ড ও সংবাদকে 'মিথ্যা ও সত্যের অপলাপ’ বলে অভিহিত করেছেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালক (চলতি দায়িত্ব) খালেদা বেগম।

সম্প্রতি একটি ফেসবুক পেজে একটি ফটোকার্ড প্রকাশিত হয়। সেখানে দাবি করা হয়, তথ্য সচিব ডিএফপি মহাপরিচালককে উদ্দেশ করে বলেছেন, আর জুলাই জুলাই কইরেন না।

রোববার (৫ এপ্রিল) তথ্য অধিদপ্তরের (পিআইডি) ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে তথ্য জানানো হয়েছে। 

প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে ডিএফপি মহাপরিচালক খালেদা বেগম বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব আমাকে কখনও এ ধরনের কথা বলেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে যা প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।

বিবৃতিতে ডিএফপি মহাপরিচালক আরও উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রতি গভীর শ্রদ্ধা রেখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের তত্ত্বাবধানে মন্ত্রণালয়ের অধীন সকল দপ্তর নিরলস কাজ করে যাচ্ছে। এরই মধ্যে সচিবের সরাসরি নির্দেশনায় আন্দোলনে আহতদের নিয়ে ১৪টি প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্ব স্মরণ করে খালেদা বেগম জানান, সচিব আজ এক কথোপকথনে বলেছেন, জুলাই না আসলে তিনি কখনও সচিব হতে পারতেন না। বর্তমানে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ প্রকল্পও চলমান রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, জুলাই আমাদের জাতীয় অহংকার এবং এই আন্দোলনের শহীদ ও আহতদের প্রতি পুরো মন্ত্রণালয় সমব্যথী। জনমনে বিভ্রান্তি ছড়াতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অপপ্রচার চালানো হয়েছে উল্লেখ করে সবাইকে এ বিষয়ে অধিকতর সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন ডিএফপি মহাপরিচালক।