ট্রাম্পের সঙ্গে একান্ত আলাপে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতবিনিময় করেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান।
স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার পর তাদের মধ্যে এ মতবিনিময় হয়।
বাংলাদেশ সময় বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে ড. খলিলুর রহমান বলেন, জাতিসংঘ ৮০ বছর ধরে টিকে আছে। তবে শুধু এটিকে সাফল্যের প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই। বৈশ্বিক জনআস্থা ফিরিয়ে আনতে হলে সংস্থাটিকে নিজেদের ব্যর্থতা ও সীমাবদ্ধতার ‘কঠিন সত্য’ স্বীকার করে গভীর সংস্কারের পথে যেতে হবে।
তিনি বলেন, ১৯৪৫ সালে ৫০টি সদস্য রাষ্ট্র নিয়ে যাত্রা শুরু করা জাতিসংঘের সদস্য এখন ১৯৩টি। তবে দীর্ঘদিন টিকে থাকা মানেই সফলতা নয়। বরং এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—জাতিসংঘ বৈশ্বিক সংকট মোকাবিলায় কতটা কার্যকর ভূমিকা রাখতে পারছে।
ড. খলিলুর রহমান আরও বলেন, ‘এই দেয়ালের বাইরে মানুষ প্রশ্ন করছে না যে জাতিসংঘ এখনও টিকে আছে কি না। তারা জানতে চাইছে, এটি কাজ করছে কি না।’
