পরিচয়পত্র ছাড়া এনবিআর ভবনে প্রবেশে নিষেধাজ্ঞা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সার্বিক নিরাপত্তাজনিত কারণে আগারগাঁওয়ের রাজস্ব ভবনে পরিচয়পত্র ছাড়া সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে কড়াকড়িভাবে এই নির্দেশনা কার্যকর করা হবে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (এস্টেট) মো. রমিজ উদ্দিন আহমেদের সই করা এক জরুরি নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে রাজস্ব ভবনে অনাকাঙ্ক্ষিত বহিরাগতদের আনাগোনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় সার্বিক নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এনবিআরের কর্মকর্তা-কর্মচারীসহ ভবনে অবস্থিত অন্যান্য সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের আগামী ১৫ সেপ্টেম্বর থেকে বাধ্যতামূলকভাবে দাপ্তরিক পরিচয়পত্র প্রদর্শন করে প্রবেশ করার নির্দেশ দেওয়া হলো।
ইতোমধ্যেই এই নিরাপত্তা নির্দেশনাটি জাতীয় রাজস্ব বোর্ডের সব সদস্য, সচিবালয়, বিভিন্ন উইং ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি রাজস্ব ভবন চত্বরে অবস্থিত সংশ্লিষ্ট সকল দপ্তরেও আনুষ্ঠানিকভাবে পাঠানো হয়েছে।


