logo

ভোটকেন্দ্রে ভোটাররা মোবাইল ফোন নিতে পারবেন: ইসি সচিব

ভোটকেন্দ্রে ভোটাররা মোবাইল ফোন নিতে পারবেন: ইসি সচিব

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোটকেন্দ্রের ভেতরে ভোটার, প্রার্থী এবং পোলিং এজেন্টরা মোবাইল ফোন বহন করতে পারবেন। তবে ফোন নিয়ে কেন্দ্রের ভেতরের গোপন কক্ষে যাওয়া যাবে না।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইসি সচিব বলেন, মোবাইল ফোন নিয়ে ভোটাররা ভেতরে যাবেন, প্রার্থীরা যাবেন এবং তাদের এজেন্টরাও যাবেন। তারা ছবিও তুলতে পারবেন। কিন্তু গোপন কক্ষ, যেখানে স্ট্যাম্পিং হয়, সেখানে করবেন না। এই পরিপত্রটি আমরা সংশোধন করে দিচ্ছি, যাতে এ ব্যাপারে কোনো রকমের দ্বিধা না থাকে।

এর আগে, নির্বাচন কমিশন ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন বহন ও ব্যবহার নিষিদ্ধ করে একটি নির্দেশনা জারি করে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলামের স্বাক্ষরে রোববার (৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত চিঠি রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়। আজকের বক্তব্যের মাধ্যমে কমিশন সেই সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানাল।

নির্বাচনি প্রস্তুতি ও প্রচারণা প্রসঙ্গে ইসি সচিব বলেন, ভোট নিয়ে শঙ্কা নেই। বেশি সময় আর বাকি নেই। আগামীকাল সকাল থেকে সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ হবে। সামাজিক যোগাযোগমাধ্যমেও যেন কোনো প্রচারণা না চলে, সেদিকে লক্ষ রাখা হবে। ডিজিটাল প্রচারণা কঠোরভাবে মনিটরিং করা হবে।

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে আখতার আহমেদ বলেন, এখন পর্যন্ত সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। মারাত্মক কোনো খবর আসেনি। তবে দুটি প্রাণহানির ঘটনা ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক। প্রাণহানির মতো ঘটনা সবসময়ই নিন্দনীয়।