কাকরাইল মারকাজের প্রবীণ মুরব্বি ডা. সাইফুদ্দিন মারা গেছেন

তাবলিগ জামাতের প্রবীণ মুরব্বি, কাকরাইল মারকাজের প্রায় ৫০ বছরের মুকিম এবং দেশি তাশকিলের জিম্মাদার ডা. সাইফুদ্দিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল শনিবার রাত ২টা ৫০ মিনিটে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জের চরপাড়ায় অবস্থিত মাদ্রাসা ক্বাসিমুল উলুম লাওহে মাহফুজে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন।
পরিবার ও মারকাজ সূত্রে জানা যায়, ডাক্তার সাইফুদ্দিন দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে কাকরাইল মারকাজে মুকিম হিসেবে অবস্থান করে দ্বীনি খেদমত আঞ্জাম দিয়েছেন। তিনি নিষ্ঠার সঙ্গে তাবলিগ জামাতের দেশি তাশকিলের জিম্মাদার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তার ইন্তেকালে তাবলিগ জামাতের সাথি, আলেম-উলামা ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ডা. সাইফুদ্দিনের জানাজার নামাজ আজ বাদ জোহর মাদ্রাসা ক্বাসিমুল উলুম লাওহে মাহফুজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।