সিএমপির সাবেক কমিশনার আবদুল জলিল আটক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার আবদুল জলিল মন্ডলকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় খিলগাঁও এলাকায় তার বাসা থেকে ঢাকা মহানগর পুলিশের একটি টিম তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসে। তিনি বর্তমানে ডিবি কার্যালয়ে রয়েছেন।
জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আবদুল জলিল মন্ডলের নাম রয়েছে।
এ বিষয়ে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) তালেবুর রহমান এশিয়া পোস্টকে বলেন, তাকে গ্রেপ্তার করা হতে পারে। তবে ডিবির পক্ষ থেকে এখনও কোনো তথ্য মিডিয়া শাখায় দেওয়া হয়নি।
তিনি আরও জানান, রাজারবাগ পুলিশ লাইনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ডিএমপির কর্মকর্তারা অবস্থান করছেন। অনুষ্ঠান শেষে ডিবি প্রধান ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার অফিসে এসে তার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, নাকি মতিঝিলে হেফাজতের সমাবেশে হতাহতের ঘটনায় জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হবে—সে সিদ্ধান্তও নেবেন ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার।
প্রসঙ্গত, আবদুল জলিল মন্ডল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এবং নীলফামারী, বাগেরহাট ও জয়পুরহাট জেলায় পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। র্যাবের অতিরিক্ত পরিচালক হিসেবে অবসরে যান।