Advertisement

জাতীয় যুব দিবস আবারও ১ নভেম্বর, মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন

এশিয়া পোস্ট নিউজ
জাতীয় যুব দিবস আবারও ১ নভেম্বর, মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

আগের নিয়মে প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পৃথকভাবে পালিত হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিসভার ১৩তম বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগে প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস এবং ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তবে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বৈঠকে দুটি দিবস একত্রে ১২ আগস্ট পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫ সালে প্রথমবারের মতো জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একই দিনে উদযাপিত হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্ষাকালে দুটি দিবস একসঙ্গে উদযাপন করায় যুব র‌্যালি, যুব সমাবেশ ও যুবমেলার মতো কর্মসূচি সফলভাবে আয়োজন করা সম্ভব হয়নি। এতে যুব উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রির ক্ষেত্রেও নানা সমস্যার মুখে পড়েন।

এতে আরও বলা হয়, জাতীয় যুব দিবস ছাড়া অন্য সময়ে যুবমেলা আয়োজন করলে কাঙ্ক্ষিত জনসম্পৃক্ততা ও বাণিজ্যিক সাফল্য অর্জিত হয় না। অন্যদিকে জাতীয় যুব দিবস সরকারি অর্থায়নে উদযাপিত হলেও আন্তর্জাতিক যুব দিবস সাধারণত সরকারি-বেসরকারি সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের সহায়তায় পালিত হয়।

এসব বিষয় বিবেচনায় নিয়ে মন্ত্রিসভা জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একত্রে ১২ আগস্ট পালনের পরিবর্তে পৃথকভাবে ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে।