এবারের বইমেলা হবে ১৭ দিন

বাংলা একাডেমি আয়োজিত এবারের বইমেলা চলবে ১৭ দিন। ২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ১৫ মার্চ। এবার মেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বহুমাত্রিক বাংলাদেশ’।
ছুটির দিন ছাড়া প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে মেলা। রাত সাড়ে ৮টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। আর ছুটির দিন বইমেলা বেলা ১১টা থেকে শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত।
অমর একুশে বইমেলা উপলক্ষে বাংলা একাডেমির জনসংযোগ বিভাগের আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরেন সদস্য সচিব ড. মো. সেলিম রেজা।
সেলিম রেজা জানান, বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি দুপুর ২টায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এবারের বইমেলায় অংশগ্রহণকারী মোট প্রকাশনা প্রতিষ্ঠান ৫৪৯টি; এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি; মোট ইউনিট ১০১৮টি (গত বছর প্রতিষ্ঠান ছিল ৭০৮টি এবং ইউনিট ছিল ১০৮৪টি)
লিটল ম্যাগাজিন চত্বরের অবস্থান সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছাকাছি গাছতলায়। সেখানে ৮৭টি লিটলম্যাগকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। শিশুচত্বরে মোট প্রতিষ্ঠান ৬৩টি এবং ইউনিট ১০৭টি।