টেন্ডার ইস্যুতে ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা: র্যাব

রাজধানীর মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক ডা. আহমেদ হোসেনের ওপর হামলা টেন্ডার ইস্যুতে হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় প্রধান অভিযুক্তসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানী কাওরানবাজার র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
এর আগে, র্যাব সদর দপ্তরের উপ-পরিচালক (মিডিয়া) মেজর লুৎফর রহমান হাদী জানান, চাঞ্চল্যকর এ ঘটনায় প্রধান অভিযুক্তসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সংঘটিত এ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, সোমবার (২০ এপ্রিল) অফিস শেষে বাসায় ফেরার সময় বনানীর পুরোনো ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের একটি গলিতে ২ থেকে ৩ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে লক্ষ্য করে হামলা চালায়। এ সময় তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় ক্যানসার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।