logo

জাকাত ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আহমাদুল্লাহর বৈঠক, থাকতে পারেন কমিটিতে

জাকাত ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আহমাদুল্লাহর বৈঠক, থাকতে পারেন কমিটিতে

জাকাত ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে শায়খ আহমাদুল্লাহ ছাড়াও ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ও ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ উপস্থিত ছিলেন।

বৈঠকে জাকাতের অর্থ কিভাবে আরও কার্যকরভাবে বণ্টন করা যায় এবং দেশের দারিদ্র্য বিমোচনে তা কিভাবে প্রত্যক্ষভাবে কাজে লাগানো সম্ভব—এসব বিষয়ে আলোচনা হয়েছে। 

এ ছাড়া বৈঠকের যাকাত বোর্ড পুনর্গঠনের সিদ্ধান্ত হয়েছে। এতে ধর্মমন্ত্রীর নেতৃত্বে বায়তুল মোকাররম মসজিদের খতিব আবদুল মালেক ও শায়খ আহমাদুল্লাহ এবং শীর্ষ স্থানীয় কয়েকজন ইসলামী অর্থনীতিবিদ ও বিশিষ্ট আলেম-ওলামাদের সমন্বয়ে একটি কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে। 

ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, সরকার সুশৃঙ্খলভাবে জাকাত সংগ্রহ ও বণ্টনের উদ্যোগ নিচ্ছে। জাকাত ব্যবস্থাপনা নিয়ে ৫ থেকে ৭ সদস্যদের একটি কমটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ১০ দিনের মধ্যে এ কমিটি হয়ে যাবে। 

বৈঠকের পর শায়খ আহমাদুল্লাহ বলেন, বাংলাদেশে জাকাত ব্যবস্থাপনা আরও কার্যকর ও সুশৃঙ্খল করতে একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে আমাকে থাকার জন্য প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন। আমি চেষ্টা করব থাকার জন্য, ইনশাআল্লাহ।

এর আগে, গত ৭ মার্চ আলেম-ওলামা ও এতিমদের সম্মানে এক ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, সুষ্ঠু যাকাত ব্যবস্থাপনা আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে দেশের দারিদ্র্য বিমোচনে গুরত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এরই পরিপ্রেক্ষিতে আজকের এই বৈঠক হয়েছে বলে জানা গেছে।