ঢাকা ফিরলেন ডেপুটি স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় দল

চীন সফরে দেশটির উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠকে কুনমিং-চট্টগ্রাম সরাসরি সংযোগ সড়ক নির্মাণের প্রস্তাব দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। একই সঙ্গে তিস্তা ব্যারাজ প্রকল্পসহ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প ও অবকাঠামো উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
চার দিনের সরকারি সফর শেষে শনিবার (১৩ জুন) দুপুরে ঢাকায় ফেরেন ডেপুটি স্পিকারের নেতৃত্বাধীন চার সদস্যের সংসদীয় দল। চীনের ইউনান প্রদেশে অনুষ্ঠিত সপ্তম চায়না-সাউথ এশিয়া কোঅপারেশন ফোরাম এবং দশম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশনে অংশ নিতে তারা দেশটি সফর করেন।
চীনের ইউনান প্রদেশের গভর্নরের আমন্ত্রণে ১১ জানুয়ারি কুনমিংয়ে আয়োজিত সপ্তম চায়না-সাউথ এশিয়া ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখেন কায়সার কামাল। সপ্তম চায়না-সাউথ এশিয়া কোঅপারেশন ফোরামে আরও বক্তব্য রাখেন ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউরো, নেপাল ন্যাশনাল এসেম্বলির ভাইস চেয়ারম্যান লায়লা কুমারী বান্দরী, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ড. ইরাথিশাম আদাম, শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী অরুন হিমাচন্দ্র, সার্কের মহাসচিব মো. গোলাম সরওয়ার, চায়নায় পাকিস্তানের রাষ্ট্রদূত খলিলুর রহমান, চায়নায় আফগানিস্তানের রাষ্ট্রদূত আসাদুল্লাহ বিলাল কারিমি, ভুটানের শিল্প, কর্মসংস্থান ও বাণিজ্যমন্ত্রী কর্মা দর্জিসহ চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।
এ ছাড়াও ডেপুটি স্পিকার দশম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এক্সপোজিশনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখেন। এবারের ১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশনে থিম কান্ট্রি বাংলাদেশের বাংলাদেশি পণ্য নিয়ে ৮৪টি প্যাভিলয়ন অংশ নিচ্ছে। ১৬ জুন পর্যন্ত চীনের ইউনান প্রদেশের কুনমিং এ চলমান এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পৃথিবীর ৬৮টি দেশ অংশগ্রহণ করছে।
সফরে ডেপুটি স্পিকার চীনের পিপলস কংগ্রেসের ভাইস চেয়ারম্যান হি ওয়াই, চীনের কমিউনিস্ট পার্টির ইউনান প্রদেশের সেক্রেটারি ওয়াং নিং ও ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইয়োবোর সঙ্গে একান্তে বৈঠকে করেন।
দ্বিপাক্ষিক বৈঠকে ডেপুটি স্পিকার কুনমিং-চট্টগ্রাম সরাসরি সংযোগ সড়ক নির্মাণের প্রস্তাব দেন ও তিস্তা ব্যারেজ নির্মাণে চীনা সহযোগিতা অব্যাহত রাখাসহ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, ইকোনমিক জোন, পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন, অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের ক্রমবর্ধমান সহযোগিতার আহ্বান জানান।
এ মাসের শেষের দিকে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের কথা জানিয়ে চীনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে ডেপুটি স্পিকার জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সরকারের ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে অগ্রাধিকার প্রদান করবে। চীনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বিভিন্ন উন্নয়ন সেক্টরে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরকে তারা সর্বাধিক গুরুত্বের সঙ্গে দেখছেন বলে উল্লেখ করেন। ডেপুটি স্পিকারের এবারের সফরের ফলে বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের উন্নতির পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, শিল্প, আধুনিক পরিবহন ব্যবস্থা এবং বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে চীনের নেতারা আশাবাদ ব্যক্ত করেন।
কুনমিং আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পথে আজ সকালে ডেপুটি স্পিকার ইউনান প্রদেশে চালকবিহীন ভবিষ্যৎ পরিবহন ব্যবস্থার একটি পাইলট প্রকল্প পরিদর্শন করেন। চীনের ইউনান প্রদেশের ভবিষ্যৎ পরিবহন ব্যবস্থাপনা কেবল নতুন সড়ক বা রেলপথ নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি একটি স্মার্ট, সবুজ, নিরাপদ এবং সমন্বিত পরিবহন ব্যবস্থাপনা মডেল প্রতিষ্ঠার দিকে অগ্রসর হচ্ছে।
ডিজিটাল ইউনান কর্মসূচির অংশ হিসেবে পরিবহন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বিগ ডেটা এবং ইন্টারনেট অব থিংস (আইওটি) প্রযুক্তি ব্যবহার করবে। এর আওতায় রিয়েলটাইম ট্রাফিক পর্যবেক্ষণ, স্মার্ট ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ, দুর্ঘটনা শনাক্তকরণ ও দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা, যাত্রীদের জন্য একীভূত তথ্যসেবা প্ল্যাটফর্ম এবং ই-টোল ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণ করা হবে।
সংসদীয় দলের অন্য সদস্যরা ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, বিএনপির সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব এবং সংরক্ষিত নারী আসনের সদস্য জেসমিন সুলতানা জুঁই।
