সিপিডির সম্মানীয় ফেলো হচ্ছেন ফাহমিদা খাতুন

বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক হিসেবে দীর্ঘ সাড়ে নয় বছরের সফল দায়িত্বকাল সম্পন্ন করার পর প্রতিষ্ঠানটির সম্মানীয় ফেলো হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন ড. ফাহমিদা খাতুন। আগামী ১ সেপ্টেম্বর থেকে তার এই নতুন দায়িত্ব কার্যকর হবে।
সম্প্রতি অনুষ্ঠিত সিপিডির ৬৮তম পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয় বলে বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ড. ফাহমিদা ২০০৩ সাল থেকে সিপিডির সঙ্গে যুক্ত রয়েছেন এবং ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০১৭ থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত তার গতিশীল নেতৃত্বে সিপিডির গবেষণা কর্মসূচির পরিধি, বৈচিত্র্য ও আন্তর্জাতিক মান উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে।
তার মেয়াদকালে ধারাবাহিকভাবে সম্পদ আহরণ, বিচক্ষণ আর্থিক ব্যবস্থাপনা ও সঠিক কৌশলগত পরিকল্পনার মাধ্যমে সিপিডির উন্নয়ন তহবিল প্রায় ৫৯০ শতাংশ এবং প্রতিষ্ঠানটির বার্ষিক আয় প্রায় ১৭১ শতাংশ বৃদ্ধি পায়। একই সঙ্গে গবেষণায় অর্থায়নকারী সংস্থা ও উন্নয়ন সহযোগীর সংখ্যা বহুগুণে উন্নীত হয়।
ফাহমিদা খাতুন সিপিডির ভৌত ও প্রযুক্তিগত অবকাঠামোর আধুনিকায়নের পাশাপাশি কর্মীদের পেশাগত উন্নয়ন, গবেষণা সক্ষমতা বৃদ্ধি, প্রকাশনার মানোন্নয়ন, ডিজিটালাইজেশন এবং প্রাতিষ্ঠানিক সুশাসন শক্তিশালীকরণে মুখ্য ভূমিকা পালন করেন।
সিপিডিতে যোগদানের আগে তিনি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে (বিআইডিএস) গবেষণা ফেলো হিসেবে কাজ করেছেন। এছাড়া বাংলাদেশে ইউএনডিপি ও ইউএসএআইডি মিশনে ঊর্ধ্বতন পেশাগত পদে দায়িত্ব পালন করেন তিনি। বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে শিক্ষকতার পাশাপাশি তিনি বিশ্বমানের একাধিক গবেষণা ও নীতি নির্ধারণী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন।
ড. ফাহমিদা যুক্তরাজ্যভিত্তিক ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। তার প্রধান গবেষণার ক্ষেত্রের মধ্যে রয়েছে সামষ্টিক অর্থনৈতিক নীতি, রাজস্ব ও মুদ্রানীতি, ব্যাংক ও আর্থিক খাতের সুশাসন, আন্তর্জাতিক বাণিজ্য এবং স্বল্পোন্নত দেশগুলোর অর্থনৈতিক রূপান্তর।
আন্তর্জাতিক ও জাতীয় পর্য্যায়ে তিনি একাধিক দায়িত্বশীল পদে অধিষ্ঠিত। বর্তমানে তিনি জাতিসংঘ মহাসচিবের ‘মাল্টিডাইমেনশনাল ভালনারেবিলিটি ইনডেক্স’ (এমভিআই) বিষয়ক স্বাধীন বিশেষজ্ঞ পরামর্শক প্যানেল এবং জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) ‘প্রোডাক্টিভ ক্যাপাসিটিজ ইনডেক্স’ বিষয়ক উচ্চপর্যায়ের পরামর্শক বোর্ডের সদস্য।
এছাড়া তিনি বোস্টন ইউনিভার্সিটির জলবায়ু, উন্নয়ন ও আন্তর্জাতিক আর্থিক কাঠামোবিষয়ক আন্তর্জাতিক টাস্কফোর্সের সদস্য এবং ব্র্যাক ও বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালনা পর্ষদ সদস্য (পরিচালক) হিসেবে দায়িত্ব পালন করছেন।



