Advertisement

বঙ্গভবনে প্রথম কর্মদিবস, গার্ড অব অনার পেলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

এশিয়া পোস্ট নিউজ
বঙ্গভবনে প্রথম কর্মদিবস, গার্ড অব অনার পেলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
ছবি: সংগৃহীত

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে গিয়ে আনুষ্ঠানিক দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ উপলক্ষে তাকে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে দেওয়া হয় গ্র্যান্ড গার্ড অব অনার।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে জাতীয় সংসদের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনে পৌঁছান তিনি। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক কর্মদিবস।

বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানায় এবং মূল ভবনের প্রবেশদ্বার পর্যন্ত তাকে এসকর্ট করে নিয়ে যায়। পরে বঙ্গভবনের সামরিক সচিব, প্রধান কার্যালয়ের সচিব, প্রেস সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুল দিয়ে তাকে স্বাগত জানান।

এরপর বঙ্গভবনের ‘ক্রিডেনশিয়াল গ্রাউন্ডে’ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও পিজিআরের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে প্রথাগত গ্র্যান্ড গার্ড অব অনার প্রদান করে।

গার্ড অব অনার গ্রহণের পর হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন। পরে তিনি রাষ্ট্রপতির কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বঙ্গভবনে পৌঁছানোর মধ্য দিয়ে রাষ্ট্রপতির কার্যালয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তার আনুষ্ঠানিক কর্মযাত্রা শুরু হলো।

এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব নেওয়ার পর রোববার তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে রাজধানীতে ফিরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরেও শ্রদ্ধা জানান।