তৃতীয় ভাষা চালু হচ্ছে ৫০ বিশ্ববিদ্যালয়ে, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশের ৫০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা শিক্ষা। আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিবেচনা করে এসব বিশ্ববিদ্যালয়ে বাংলা, ইংরেজির বাইরে এক বা একাধিক ভাষায় পাঠদান করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্যক্রমের উদ্বোধন করবেন। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে ক্রেডিট ও নন-ক্রেডিট কোর্স করে বাধ্যতামূলক করা হবে এসব প্রোগ্রাম।
একই সঙ্গে তৃতীয় ভাষা শিক্ষার জন্য একটি সমন্বিত ল্যাঙ্গুয়েজ এডুকেশন মডেল অনুসরণ করে এ মডেলের আওতায় স্বল্পমেয়াদি সার্টিফিকেট কোর্স, ডিপ্লোমা কোর্স ছাড়াও দীর্ঘমেয়াদি ও ক্রেডিট বেজড কোর্সের মধ্যে যেকোনো কোর্স চালুর করবে বিশ্ববিদ্যালয়গুলো।
সম্প্রতি সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করে এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সরকারের নির্বাচনি ইশতেহারে প্রতিশ্রুতির অংশ হিসেবে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের কেবল চাকরি প্রার্থী হিসেবে নয়, উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারি হিসেবে গড়ে তুলবে সরকার।
তথ্যমতে, দেশে-বিদেশে কর্মসংস্থান ও উচ্চ শিক্ষার সুযোগ তৈরির লক্ষ্যে বাংলা-ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষা চালু করতে দেশের গত ২৮ অক্টোবর বৈঠকের আয়োজন করে ইউজিসি।
রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনে ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভাষা ইনস্টিটিউট স্থাপন, বিদ্যমান রিসোর্স ম্যাপিং, ইন্টারন্যাশনালাইজেশন এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন’ বিষয়ের এই বৈঠকে সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অংশ নেন।
বৈঠক সূত্র জানায়, চীন, জাপান, কোরিয়ান, জার্মান, ফরাসি, স্প্যানিশ, আরবি ও রুশ—এই আটটি ভাষায় বিশ্ববিদ্যালয়গুলোতে তৃতীয় ভাষা চালু করা হবে।
বিশ্ববিদ্যালয়ে নিজেদের সক্ষমতা, ভৌগোলিক অবস্থান, শিক্ষার্থীদের চাহিদা, আন্তর্জাতিক উচ্চ শিক্ষার সুযোগ, কর্মসংস্থানের সম্ভাবনা এবং আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদা বিবেচনা করে এক বা একাধিক বিষয়ে তৃতীয় ভাষা চালু করতে পারবে।
সূত্র জানায়, তৃতীয় ভাষা চালু করতে বিশ্ববিদ্যালয়গুলোতে স্থাপন করা হবে ভাষা কেন্দ্র, ইনস্টিটিউট। এ ছাড়া তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক ও টেকসই করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে যেসব মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার রয়েছে, সেগুলো শক্তিশালী করা এবং বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা অনুযায়ী নতুন ইনস্টিটিউট বা সেন্টার প্রতিষ্ঠা করা হবে।
বৈঠক সূত্র আরও জানায়, তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক ও টেকসই করার লক্ষ্যে যেসব বিশ্ববিদ্যালয়ে মডার্ন ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট/সেন্টার রয়েছে, সেগুলো প্রয়োজন অনুযায়ী শক্তিশালী করা এবং যেসব বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ইনস্টিটিউট/সেন্টার নেই, সেসব বিশ্ববিদ্যালয়ে প্রয়োজন ও সক্ষমতা অনুযায়ী নতুন ইনস্টিটিউট/সেন্টার প্রতিষ্ঠা করবে সরকার।
ইউজিসি সূত্র জানায়, তৃতীয় ভাষা শিক্ষাকে বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়, শিল্পপ্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে অ্যাকাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন প্রতিষ্ঠা করতে চলতি অক্টোবরের মধ্যেই কমিশনকে অবহিত করবে বিশ্ববিদ্যালয়গুলো।
এ ছাড়া তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রমকে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ স্ট্রাটেজির সঙ্গে সমন্বয় করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে ইন্টারন্যাশনাল অফিস স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি ইউজিসি।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এশিয়া পোস্টকে বলেন, আসন্ন ডিসেম্বরের মধ্যে দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু হচ্ছে। প্রধানমন্ত্রী এ কার্যক্রমের উদ্বোধন করবেন। কোন কোন বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু হচ্ছে, তা শিগগিরই চূড়ান্ত হবে। এসব প্রোগ্রাম চালু করা গেলে তরুণ-তরুণীদের দেশে-বিদেশে কর্মসংস্থানের যেমন সুযোগ তৈরি হবে, তেমনি উচ্চ শিক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
