logo

নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন ৩৫ জন

নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন ৩৫ জন
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে আগামীকাল (২১ সেপ্টেম্বর) নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তার সঙ্গে থাকবেন ৩৫ জন সফরসঙ্গী। প্রধানমন্ত্রীর সফর ও সফরসঙ্গীদের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, এবারের সফরে জাতিসংঘের কর্মসূচিই প্রাধান্য পাবে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন ৩৫ জন। এর মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ও ওয়াশিংটনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি যুক্তরাষ্ট্র থেকেই নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দেবেন।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে চারজন মন্ত্রী থাকছেন। এ ছাড়া দুজন রাজনৈতিক ব্যক্তিত্বও তার সঙ্গে নিউইয়র্ক সফর করবেন।

প্রধানমন্ত্রীসহ তার সফরসঙ্গীদের নিরাপত্তার বিষয়ে আসাদ আলম সিয়াম বলেন, নিরাপত্তার ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিনিধিদের নিরাপত্তার বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রের ওপরও বর্তায়। আমরা যুক্তরাষ্ট্রের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনার মধ্যে রয়েছি, যাতে সবার সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হয়।

অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, কার্যকর সফরের জন্য যতটুকু সময় প্রয়োজন, প্রধানমন্ত্রী ততটা সময় থাকবেন। সময়ের ব্যাপ্তি এখানে বিষয় নয়, উপযুক্ত ব্যবহারই গুরুত্বপূর্ণ।

জানা গে‌ছে, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ডক্টর গোলাম মহিউদ্দিন ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন। এ ছাড়া অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরদিন ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।