logo

সরকার পার্টিকে নিষিদ্ধ করেছে, ব্যক্তিকে নয় : ইসি মাছউদ

সরকার পার্টিকে নিষিদ্ধ করেছে, ব্যক্তিকে নয় : ইসি মাছউদ

‘সরকার একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে কিন্তু কোনো ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি’ এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুল রহমানেল মাছউদ।

স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নের বৈধতা নিয়ে রোববার (১৮ জানুয়ারি) আপিলের শেষ দিনের শুনানিতে আইনজীবীর যুক্তিতর্কের এক পর্যায়ে তিনি এ মন্তব্য করেন। 

একইসঙ্গে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ করে নির্বাচন কমিশন। 

এর আগে, লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে ইসিতে আপিল করেন একই আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. লিয়াকত আলী। 

শুনানিতে লিয়াকতের  আইনজীবী বলেন, নিষিদ্ধ দলের নেতা হওয়ায় আবদুল লতিফ সিদ্দিকী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেন না। তার এমন যুক্তিতে ইসি মাছউদ বলেন, পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু কোনো ব্যক্তিকে তো নিষিদ্ধ করা হয়নি। 

উল্লেখ্য, সংশোধিত তফসিল অনুযায়ী নির্বাচন সময়সূচিতে আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। 

এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। 

এছাড়া ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।