logo

শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দেয়নি সরকার: শামা ওবায়েদ

শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দেয়নি সরকার: শামা ওবায়েদ

পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ফেরত চেয়ে অন্তর্বর্তী সরকারের আমলে দিল্লির কাছে চিঠি দিলেও নবগঠিত বিএনপি সরকার এখনও আনুষ্ঠানিক কোনো চিঠি দেয়নি।

মঙ্গলবার (২৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ এ কথা ব‌লেন।

তিনি বলেন, নতুন সরকার ক্ষমতায় আসার পর শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে দিল্লিকে কোনো চিঠি দেয়নি। তবে, দায়িত্ব গ্রহণের পর ঢাকার ভারতীয় হাইকমিশনারের সঙ্গে একাধিক বৈঠকে শেখ হাসিনাসহ পলাতক অন্যদের ফেরত আনার বিষয়ে মৌখিকভাবে জানানো হয়েছে। এটি চলমান প্রক্রিয়ার ম‌ধ্যে আছে।

এ সময় ভারত থেকে জ্বালানি আমদানির বিষয়ে গ্রিন সিগন্যাল পাওয়া গেছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিশ্বজুড়ে যে জ্বালানি সংকট দেখা দিয়েছে, তা মোকাবিলায় ভারত থেকে জ্বালানি আমদানির বিষয়ে বাংলাদেশ যে আগ্রহের কথা জানিয়েছিল, সে বিষয়ে গ্রিন সিগন্যাল মিলেছে।

এছাড়া মধ‍্যপ্রাচ‍্য পরিস্থিতিতে বাংলাদেশিদের সার্বক্ষণিকভাবে নিরাপত্তা দিতে সব মিশন কাজ করছে জানিয়ে শামা ওবা‌য়েদ বলেন, ইরানে থাকা ২ হাজারের বেশি বাংলাদেশি দেশটিতে নিরাপদে আছেন। তারা ফিরতে চাইলে সরকার কাজ করবে।

ভারতে গ্রেপ্তার হাদি হত্যার আসামিদের বিষয়ে তিনি বলেন, শরিফ ওসমান হাদি হত্যার আসামি ফয়সাল করিম ও আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য ভারতের কাছ থেকে এখনও কনস‍্যুলার অ্যাক্সেস পায়নি ঢাকা। তবে দ্রুতই অ্যাক্সেস পাওয়া যাবে বলে আশা করছি। তাদের দেশে ফিরিয়ে এনে বিচার করা সরকারের অগ্রাধিকার।