ব্যক্তির করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা

এশিয়া পোস্ট ডেস্ক
ব্যক্তির করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা
ছবি : সংগৃহীত

সংসদে অর্থবিল ২০২৬ পাস হয়েছে। প্রস্তাবিত বাজেটে পৌনে চার লাখ টাকা পর্যন্ত করমুক্ত রাখার প্রস্তাব করা হয়েছিল। তা এখন চার লাখ টাকা করা হয়েছে।

Advertisement

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে অর্থবিল ২০২৬ পাসের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দেন। সেখানে তিনি করমুক্ত আয়সীমা বাড়িয়ে চার লাখ টাকা করাসহ বেশ কিছু বিষয়ে সংশোধনী আনার অনুরোধ করেন।

প্রধানমন্ত্রীর অনুরোধে করমুক্ত আয়সীমা আরও বাড়ানো হয়।

এর ফলে ব্যক্তিশ্রেণির করদাতারা তাদের আয়ের ওপর আগামী অর্থবছরে সাড়ে তিন লাখ টাকার পরিবর্তে চার লাখ টাকা পর্যন্ত আয়ের জন্য তাকে কোনো আয়কর দিতে হবে না।

এর পরের তিন লাখ টাকার জন্য ১০ শতাংশ হারে আয়কর দিতে হবে; তাতে মূল্যস্ফীতির এই সময়ে সীমিত আয়ের মানুষের ওপর করের বোঝা রয়েই গেল। এর আগে করমুক্ত আয়সীমা পার হওয়ার পরের ধাপে ৫ শতাংশ হারে কর ছিল।

টিআইএন বাধ্যতামূলক থাকছে না

বাজেটে ব্যাংক হিসাব খোলায় কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছিল। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাহার করে অর্থবিল পাস করা হয়েছে। এর মানে হলো, ব্যাংক হিসাব খুলতে টিআইএন লাগবে না। আগের মতো টিআইএন ছাড়াই ব্যাংক হিসাব খুলতে পারবেন।

এ ছাড়া সিটি করপোরেশন ও পৌর এলাকায় জমি-ফ্ল্যাটের বণ্টননামা, দলিল নিবন্ধন এবং নামজারির ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব ছিল। অর্থবিলে সংশোধনী এনে এই বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ বিলটি পাসের প্রস্তাব করেন, যা ১১ জুন বাজেট অধিবেশনে উত্থাপন করেছিলেন তিনি।

আজ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেটের ওপর আলোচনায় অংশ নেন সরকারি দল ও বিরোধী দলের নেতারা।