আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান আইজিপির

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে প্রথম কর্মদিবসে পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আইজিপি বলেন, এবারের ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ ও জেলা পুলিশসহ সব ইউনিটের সদস্যরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাদের এ পেশাদারিত্ব প্রশংসার দাবি রাখে।
তিনি আরও বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আইজিপি পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত সব পর্যায়ের কর্মকর্তা, সদস্য ও সিভিল স্টাফদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং তাদের ঈদোত্তর শুভেচ্ছা জানান।
এ সময় অতিরিক্ত আইজি, ঢাকায় কর্মরত বিভিন্ন ইউনিটের প্রধান এবং পুলিশ হেডকোয়ার্টার্সের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।