logo

রাশেদ খাঁন /ভারত শেখ হাসিনাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর জন্য ফেরত পাঠাবে না

ভারত শেখ হাসিনাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর জন্য ফেরত পাঠাবে না
শেখ হাসিনা ও রাশেদ খাঁন। ছবি কোলাজ: এশিয়া পোস্ট

চব্বিশ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত কখনোই ফাঁসির কাষ্ঠে ঝুলানোর জন্য ফেরত পাঠাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বুধবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৪৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

Advertisement

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লিখেছেন, ‘ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে জানান যে, ট্রাভেল ডকুমেন্টস নিয়ে যে কোনো নাগরিক তার নিজ দেশে যেতে পারেন, তবে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়!’

তিনি লেখেন, ‘এ বিষয়ে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, একজন দণ্ডপ্রাপ্ত আসামি শুধুমাত্র বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী বাংলাদেশে ফিরতে পারবে।’

শেখ হাসিনাকে ভারত কখনোই ফাঁসির কাষ্ঠে ঝুলানোর জন্য ফেরত পাঠাবে না বলে মন্তব্য করে তিনি লেখেন, ‘বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরানোর প্রশ্নোত্তর শুনে মনে হলো যে, ভারত কখনোই তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর জন্য ফেরত পাঠাবে না।’

রাশেদ খাঁন মনে করেন, ‘শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরছে না, রনধীর জয়সওয়াল এটা মোটামুটি স্পষ্ট করে জানিয়ে দিলেন।’

শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে বুধবার সাংবাদিকদের করা প্রশ্নের উত্তর দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, এটি সম্পূর্ণভাবে শেখ হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়। তবে তাকে ফেরত চেয়ে ঢাকার পাঠানো প্রত্যর্পণের অনুরোধটি প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে, যা স্বেচ্ছায় দেশে ফেরার বিষয় থেকে সম্পূর্ণ আলাদা।

ব্রিফিংয়ে সাংবাদিকরা ১৬ ডিসেম্বর শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন, তাকে হাতকড়া পরিয়ে ফিরিয়ে আনার বিষয়ে ঢাকার বক্তব্য এবং বাংলাদেশের রাষ্ট্রীয় এয়ারলাইনসে তার ফেরার সম্ভাবনার খবর নিয়ে প্রশ্ন করেন। এ ছাড়া তার প্রত্যাবর্তনের আগে আওয়ামী লীগ নেতাদের ভারতের অভ্যন্তরে অবাধ চলাচল এবং পেট্রাপোল-বেনাপোলসহ বিভিন্ন সীমান্ত পয়েন্ট পরিদর্শনের ক্ষেত্রে ভারত কোনো মধ্যস্থতাকারী বা সহায়তাকারীর ভূমিকা রাখছে কি না, তা জানতে চাওয়া হয়।

জবাবে রণধীর জয়সওয়াল সরাসরি কোনো মন্তব্য না করে বলেন, ‘এই বিষয়টি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং সেখানকার সরকারের মধ্যকার। তাই এ নিয়ে আমার এর চেয়ে বেশি কিছু বলার নেই।’

তবে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেওয়া প্রত্যর্পণের (এক্সট্রাডিশন) অনুরোধ প্রসঙ্গে মুখপাত্র বলেন, ‘আগেও যেমনটি বলেছি, প্রত্যর্পণের অনুরোধটি আমাদের প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে। তবে কোনো নাগরিক যদি বৈধ ভ্রমণ নথিতে (ট্রাভেল ডকুমেন্ট) স্বেচ্ছায় নিজের দেশে ফিরতে চান, তবে সেই বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে সম্পূর্ণ আলাদা।’

রায়হান রাশেদ

সম্পাদনা

রায়হান রাশেদ

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট