ভোটের দিন কোন যান চলবে, কোনটি চলবে না

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। ভোট গ্রহণ চলবে সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত মোট ৯ ঘণ্টা। ভোটের দিন কোন কোন যানবাহন চলবে, আর কোনগুলো চলবে না—এ নিয়ে ভোটারদের মধ্যে বিভ্রান্তি রয়েছে। বিভ্রান্তি এড়াতে যানবাহন চলাচলে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।
বেশ কিছু যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন। আবার কিছু যানবাহনের ক্ষেত্রে রেখেছে শিথিলতা।
যেসব যানবাহন চলবে না
- বুধবার (ভোটের আগের দিন) রাত ১২টা থেকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত সারা দেশে ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে।
- মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ রয়েছে মঙ্গলবার রাত ১২টা থেকে। এ নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে ভোটের পরদিন শুক্রবার রাত ১২টা পর্যন্ত। তবে এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে নির্বাচন কমিশনের স্টিকারযুক্ত মোটরসাইকেল।
যেসব যানবাহন চলতে পারবে
- আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন এবং অনুমোদিত পর্যবেক্ষকদের যানবাহন।
- ঔষধ, স্বাস্থ্য ও চিকিৎসা-সংক্রান্ত গাড়ি এবং সংবাদপত্র বহনকারী যান।
- টিকিট বা উপযুক্ত প্রমাণ দেখিয়ে বিমানবন্দরে যাতায়াতের জন্য ব্যবহৃত যানবাহন।
- দূরপাল্লার যাত্রী পরিবহন এবং দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতে যানবাহন চলাচলের সুযোগ থাকবে।
- প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য একটি, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনি এজেন্টের (যথাযথ নিয়োগপত্র/পরিচয়পত্র থাকা সাপেক্ষে) জন্য একটি গাড়ি (জিপ, কার, মাইক্রোবাস ইত্যাদি ছোট আকৃতির যানবাহন)।
- নির্বাচন কমিশন বা রিটানিং কর্মকর্তার অনুমতি থাকলে সাংবাদিক, পর্যবেক্ষক ও জরুরি কাজে ব্যবহৃত যানবাহন ও মোটরসাইকেল।
- বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের যানবাহন।
স্বাভাবিকভাবে চলবে মেট্রোরেল
ভোটের দিন মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।