মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের জন্য হটলাইন নম্বর চালু

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতে বাংলাদেশ থেকে পরিচালিত ফ্লাইট বাতিল করা হয়েছে। এ কারণে ভোগান্তিতে পড়েছেন ওই সব দেশে গমনেচ্ছু প্রবাসী শ্রমিকরা।
তবে প্রবাসীদের ভোগান্তি কমানোর পাশাপাশি তথ্য সরবরাহের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে হটলাইন নম্বর চালু করা হয়েছে।
রোববার (১ মার্চ) মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বন্ধ রয়েছে। এ অবস্থায় ওই সব দেশে কর্মরত যাদের ফ্লাইট বাতিল ও ভিসার মেয়াদ উত্তীর্ণ হচ্ছে, তাদের সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশনায় সার্বক্ষণিক তথ্য প্রদানে হট লাইনে (১৬১৩৫ টোল ফ্রি) যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট (শুধু দোহা, দুবাই ও আবুধাবি ছাড়া) নির্ধারিত সময়ে যাত্রা করবে বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
এ ছাড়া সৌদি আরবের রাজধানী রিয়াদ ও জেদ্দা এবং ওমানের রাজধানী মাস্কাটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজকের (১ মার্চ) সব ফ্লাইট পরিচালিত হবে।