ইউরোপের ভিসার জন্য ঢাকায় কনস্যুলার সেবা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইউরোপের ভিসার প্রসেসিংয়ের জন্য ভারতে যাওয়ার পরিবর্তে ঢাকায় ইউরোপের দেশগুলোর অফিস বা কনস্যুলার সেবা নিশ্চিত করার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
প্রতিমন্ত্রী বলেন, ‘ইউরোপের বেশ কিছু দেশের ভিসা করার জন্য ইন্ডিয়া যেতে হয়। এটা নিয়ে প্রধানমন্ত্রী শুরুতেই পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছিলেন যে তাদের পারস্যু করে বাংলাদেশে তাদের একটা অফিস বা কনস্যুলার সেবা নিশ্চিত করার জন্য অনুরোধ করতে। এই বিষয়ে আজ আলোচনা হয়েছে। কিছু দেশ এরই মধ্যে এখানে কনস্যুলার সেবা দিচ্ছে। বাকি দেশগুলো যেন নিশ্চিত করা হয়, সে জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।’
এ ছাড়া বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিতে প্রবাসী কল্যাণ ব্যাংককে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এ বিষয়ে নুরুল হক নুর বলেন, তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর আগ্রহ এবং তার নির্দেশনায় আমরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে যারা কোরিয়া, জাপান, চায়না, জার্মানি এ রকম দেশগুলোতে যাবে; বিশেষ করে শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে ১০ লাখ টাকার ঋণ দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন। সেটা প্রবাসী কল্যাণ ব্যাংককে ডেডিকেটেড করতে বলেছেন, যেন এই মন্ত্রণালয় থেকে দেওয়া হয়।’
জাপানে লোক পাঠানো নিয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ‘জাপানে এক লাখ লোক পাঠানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকার থেকে একটা এমওইউ হয়েছে, সেটাকে কীভাবে ত্বরান্বিত করা যায়। জাপানসহ ইউরোপে কীভাবে আমরা লোক পাঠাতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আলাপ-আলোচনা হয়েছে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যে আমাদের অনেক শ্রমিক বর্তমানে কর্মরত আছে। আমাদের শ্রমবাজারের বড় একটা অংশই মধ্যপ্রাচ্যে। সে ক্ষেত্রে সেখানে যুদ্ধ পরিস্থিতির ফলে আমাদের কী ধরনের সংকট ও সম্ভাবনা তৈরি হতে পারে, সেগুলো নিয়ে আলাপ-আলোচনা করেছেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেস্ট্রয় হয়েছে, এগুলো আবার রিবিল্ড করতে হবে। তা ছাড়া আশা করি আমাদের শ্রমবাজার খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না। বরং আমাদের দেশের চাহিদা আরও তৈরি হতে পারে।’
তৃতীয় ভাষা শেখার বিষয়ে নুরুল হক নুর বলেন, ‘প্রধানমন্ত্রী থার্ড ল্যাঙ্গুয়েজ বা তৃতীয় ভাষা শেখার বিষয়ে গুরুত্বারোপ করেছেন। আমাদের দেশের মানুষ শুধু ভাষা না জানার কারণে তারা অল্প পয়সার চাকরি করে। ভাষা জানলে তারা ভালো বেতন পেতে পারে।’